কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়ন বিএনপির কার্যক্রম স্থগিত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বিএনপি ও সব সহযোগী সংগঠনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।ইউনিয়ন যুবদলের কমিটি গঠন নিয়ে বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার জের ধরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে গত শুক্রবার রাতে রামপুরের নেতাদের নিয়ে জরুরি বৈঠক শেষে উপজেলা বিএনপির নেতারা এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।দলীয় সূত্রে জানা গেছে, রামপুর ইউনিয়ন যুবদলের কমিটি গঠন নিয়ে গত বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যায় রামপুর ইউনিয়নের বামনী বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের বিবদমান হকসাব গ্রুপ ও বেলাল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে শুক্রবার বাজারের ব্যবসায়ীরা প্রতিবাদ সমাবেশ, মৌন মিছিল ও এক ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ করেন। পরবর্তীকালে শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির নেতাদের নিয়ে উপজেলা বিএনপির নেতারা রামপুরে জরুরি বৈঠক করেন। বৈঠকে রামপুর ইউনিয়ন বিএনপি ও সব সহযোগী সংগঠনের কার্যক্রম ১৫ দিনের জন্য স্থগিত করে উপজেলা বিএনপি।জরুরি বৈঠকে উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই, সহসভাপতি জহিরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি কামালউদ্দিন চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী একরাম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, হকসাব গ্রুপের হামিদল হক, বেলাল গ্রুপের বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠকে রামপুর ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের সব কার্যক্রম ১৫ দিনের জন্য স্থগিত এবং সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। উপজেলা নেতারা ১৫ দিনের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাঁর সিদ্ধান্ত মোতাবেক নতুন কমিটি করা হবে বলেও জানানো হয়।জানতে চাইলে কমিটির কার্যক্রম স্থগিতের কথা নিশ্চিত করেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, যুবদলের কমিটি গঠন নিয়েই সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজনা অব্যাহত থাকায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।