কোম্পানীগঞ্জের সরকারি দপ্তরগুলোতে ধ্বংসযজ্ঞ, বাতাসে পোড়া গন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের পর পেরিয়ে গেছে ৪৮ ঘণ্টা। কিন্তু তখনো বাতাসে পোড়া গন্ধ। ভূমি কার্যালয় ও ডাকঘরের সামনে ছড়িয়ে-ছিটিয়ে আছে পোড়া নথিপত্র। এলাকার লোকজনও ধ্বংসযজ্ঞ দেখে আঁতকে উঠছে। গতকাল সোমবার এসব ক্ষতচিহ্ন দেখা যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বিভিন্ন দপ্তরে।
পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ চলাকালে গত শনিবার দলের কর্মীরা সরকারি আটটি দপ্তরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর শনিবার ডাকা হরতালে দলের নেতা-কর্মীরা ব্যাপক সহিংসতায় লিপ্ত হন। এ সময় সংঘর্ষে নিহত হন পাঁচজন।
উপজেলা পরিষদ মসজিদের পশ্চিম পাশ দিয়ে কেজি আবাসিক এলাকার সড়ক নামে পরিচিত রাস্তা ধরে একটু সামনে এগোতেই নাকে ভেসে আসে পোড়া গন্ধ। আরও সামনে গিয়ে চোখে পড়ে সড়কের ডান দিকে লাল রঙের ভবনটির সামনে মানুষের উপস্থিতি। ভবনটির দিকে যেতেই চোখে পড়ে উপজেলা সহকারী সেটেলম্যান কর্মকর্তার কার্যালয়। পাশেই মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়; পাশাপাশি রয়েছে পল্লী উন্নয়ন কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও আনসার-ভিডিপি কর্মকর্তার কার্যালয়। একতলা ভবনটির ১৫টি কক্ষের প্রতিটির চিত্র একই। কক্ষের আলমারি, চেয়ার-টেবিলসহ সবকিছুই পুড়ে ছাঁই হয়ে আছে।
ভূমি কর্মকর্তার কার্যালয়ের এক কর্মচারীকে দেখা যায় ভবনের সামনের খালি জায়গায় কিছু কাগজ রোদে শুকাচ্ছেন। কাগজগুলোর কিছু ভালো, কিছু আংশিক পুড়ে যাওয়া।
ধ্বংসযজ্ঞ দেখতে আসা সিরাজপুর এলাকার বাসিন্দা আমিন উল্লা বলেন, ‘সরকারি এসব দপ্তর তো আওয়ামী লীগ বা বিএনপি করে না। এগুলো তো আমাদের সকলের সম্পদ। কিন্তু যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কোনো মানুষ করতে পারে না।’
পুড়ে যাওয়ার একই চিত্র দেখা যায় সড়কের বাঁ দিকে একটু ভেতরে উপজেলা ডাকঘরে গিয়ে। সেখানে ডাকঘরের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ নথিপত্র থেকে শুরু করে দুই দিন আগে আসা একসঙ্গে ১০ দিনের চিঠিপত্র পুড়ে ছাঁই হয়েছে। ভবনের প্রতিটি কক্ষেই ধ্বংসের চিহ্ন।
ক্ষতিগ্রস্ত কার্যালয় দেখতে আসা ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) ইকরামুল হক সরকার বলেন, ‘এই ডাকঘরটি ব্রিটিশ আমলে স্থাপিত। পুরোনো অনেক গুরুত্বপূর্ণ কাগজ ও নথিপত্র ছিল এই ডাকঘরে। আগুনে সবই পুড়ে গেছে।’
ধ্বংসের চিহ্ন দেখা যায় জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় ও উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়েও। বাদ যায়নি কেজি স্কুল সড়কের জামায়াত-সমর্থকদের পরিচালিত কোম্পানীগঞ্জ মডেল হাইস্কুলও। সেখানে হাইস্কুলের আবাসিক শিক্ষার্থীদের একটি টিনশেড ঘর এবং আরেকটি টিনশেড শ্রেণীকক্ষ ও মক্তব পুড়িয়ে দেওয়া হয়েছে।
স্কুলের বিজ্ঞানের শিক্ষক মোশারফ হোসেন ধ্বংসযজ্ঞ পরিদর্শন করতে যাওয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘যখন ওই স্কুলটিতে আগুন দেওয়া হয়েছে, তখন সেখানে শুধু পুলিশ উপস্থিত ছিল। পুলিশই বলতে পারবে কারা স্কুলে আগুন দিয়েছে।’
তবে থানার পরিদর্শক (তদন্ত) মো. সফিকুল ইসলাম বলেন, ‘ওটাও জামায়াত-শিবিরের কর্মীদের কাজ।’
সরকারি দপ্তরে অগ্নিসংযোগের কারণ কী? প্রশ্ন করতেই অভিযোগ অস্বীকার করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসেন। মুঠোফোনে তিনি বলেন, ‘আমাদের কর্মীদের সঙ্গে পুলিশের যখন সংঘর্ষ বেধে যায়, তখন ক্ষমতাসীন দলের লোকজনই অগ্নিসংযোগসহ ওই সব ধ্বংসযজ্ঞ চালিয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান বলেন, জামায়াত-শিবির পুলিশের সঙ্গে গোলাগুলি এবং সরকারি দপ্তরে অগ্নিসংযোগের পর নিজেরাই নিজেদের পরিচালিত হাইস্কুলেও অগ্নিসংযোগ করেছে। আওয়ামী লীগের লোকজন তখন শহরেই ছিলেন না।
ইউনিয়ন পরিষদ কার্যালয়ে লুট ও অগ্নিসংযোগ
নোয়াখালী প্রতিনিধি আরও জানান, কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী বলেন, রোববার দিবাগত রাত সোয়া একটার দিকে দুর্বৃত্তরা পরিষদ কার্যালয়ে তাঁর ও সচিবের কক্ষের দরজার তালা ভেঙে ভেতর থেকে ফটোস্ট্যাট মেশিন, দুটি কম্পিউটার, একটি ল্যাপটপ, একটি স্ক্যানার, একটি প্রজেক্টর লুটের পর অগ্নিসংযোগ করে। এতে কক্ষ দুটির আসবাবপত্র, গুরুত্বপূর্ণ সব কাগজপত্র পুড়ে যায়। পরে খবর পেয়ে উপজেলা ফায়ার স্টেশনের কর্মীরা এসে আগুন নেভান।
নূর নবী চৌধুরী অভািযোগ করেন, গত শনিবার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সে বিভিন্ন সরকারি দপ্তরে জামায়াত-শিবির অগ্নিসংযোগ করে যে নাশকতা করেছে, তার ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদেও লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। জামায়াত-শিবিরই এ ঘটনার জন্য দায়ী।
তবে জামায়াতের নেতা মোশারফ হোসেন দাবি করেছেন, সিরাজপুর ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগ কিংবা কথিত লুটপাটের সঙ্গে জামায়াত-শিবিরের কোনো কর্মী জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্বৃত্তদের ধরা যায়নি।