কোম্পানীগঞ্জের সহিংসতার ঘটনায় আরও ছয় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ এবং সরকারি দপ্তরে অগ্নিসংযোগের ঘটনায় আরও ছয়টি মামলা হয়েছে। গত বুধবার রাতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ছয়টি দপ্তরের পক্ষ থেকে ওই মামলাগুলো করা হয়। দপ্তরগুলো হলো: উপজেলা কৃষি কর্মকর্তা, ডাক বিভাগ, সহকারী কমিশনার (ভূমি), পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও সহকারী সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয়। তবে মামলাগুলোতে আসামি হিসেবে সুনির্দিষ্ট কারও নাম উল্লেখ করা হয়নি। মামলার কথা নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান। তিনি বলেন, মামলার এজাহারে আনীত অভিযোগ তদন্ত করে যাঁদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া যাবে, তাঁদের গ্রেপ্তার করা হবে এবং মামলায় আসামি করা হবে। পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া পুলিশের মামলায় জামায়াত-শিবিরের আরও চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গত শনিবার বিকেলে কোম্পানীগঞ্জে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে জামায়াত-শিবিরের সাতজন কর্মী নিহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে জামায়াত-শিবিরের কর্মীরা উপজেলা পরিষদের আটটি সরকারি দপ্তরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।