কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে গর্ত, ভোগান্তিতে মানুষ
কুমিল্লার মুরাদনগরের কোম্পানীগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ২৮ কিলোমিটার সড়কের তিন কিলোমিটার যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গর্তের কারণে হরহামেশাই দুর্ঘটনা ঘটছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ থেকে নবীনগর পর্যন্ত ২৮ কিলোমিটার রাস্তায় কুমিল্লার অংশে রয়েছে ১৮ কিলোমিটার। নবীনগরের মধ্যে পড়েছে ১০ কিলোমিটার। এটি নবীনগর এলাকার সাধারণ লোকজনের একমাত্র সড়কপথ। এ সড়ক দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় বাস চলাচল করে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, মুরাদনগর সীমানায় গাজীরহাট থেকে শুরু করে কড়ুইবাড়ি পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার বেশির ভাগ জায়গায় বড় বড় গর্ত হয়ে গেছে। গাজীরহাট এলাকা, পীরকাশিমপুর বহুমুখী উচ্চবিদ্যালয়, পীরকাশিমপুর মাজার, একই গ্রামের শাহ আলমের বাড়ির সামনে ও কড়ুইবাড়ি এলাকায় রাস্তাটি ভেঙে গেছে।
মুরাদনগরের পীরকাশিমপুর গ্রামের মাইক্রোবাসের চালক সাহিদুল ইসলাম বলেন, পীরকাশিমপুর গ্রামের সেতুসংলগ্ন রাস্তাটি ভেঙে যাওয়ায় একটু বৃষ্টি হলে বাসসহ বিভিন্ন যানবাহন অহরহ দুর্ঘটনায় পড়ে। নবীনগরের কলেজশিক্ষক দেলোয়ার হোসেন বলেন, রাস্তাটি এতই খারাপ এক দিন এলেই শরীর খারাপ হয়ে যায়।
মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ূম বলেন, বিষয়টি জেলার মাসিক সমন্বয় সভায় একাধিকবার আলোচনা করা হয়েছে। কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি।
কুমিল্লা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফ উদ্দিন বলেন, অচিরেই রাস্তাটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হবে।