কোর সাফারি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গত বুধবার চার ঘণ্টার ব্যবধানে দুটি জিরাফের মৃত্যু হয়। মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে একটি বিশেষজ্ঞ দল। ঘটনার দিন থেকেই পার্কের মূল দর্শনীয় স্থান ‘কোর সাফারি’ বন্ধ রাখা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পার্কে গিয়ে দেখা গেছে, মূল ফটকে বা টিকিট কাউন্টারে কোনো দর্শনার্থী নেই। পরে ভেতরে গিয়ে দেখা যায়, জিরাফ ও অন্যান্য আফ্রিকান প্রাণীর জন্য নির্ধারিত কোর সাফারি পার্কের মূল গেটে একটি নোটিশ সাঁটানো। এতে লেখা আছে, ‘অনিবার্য কারণবশত পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত কোর সাফারি বন্ধ থাকবে।’
সাফারি পার্ক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ একটি জিরাফ মাটিতে লুটিয়ে পড়ে। জিরাফটির চিকিৎসা চলা অবস্থায় বুধবার সকালে সাড়ে আটটার দিকে অন্য একটি জিরাফ মারা যায়। চিকিৎসাধীন জিরাফটিও ওই দিন দুপুর ১২টায় মারা যায়। অজ্ঞাত কারণে দুটি জিরাফ মারা যাওয়ায় এখন আটটি অবশিষ্ট আছে।
এদিকে বুধবারই মৃত জিরাফ দুটির পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছে বিশেষজ্ঞ দল। বিশেষজ্ঞ দলে আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কনসালট্যান্ট আবদুর রহমান, অধ্যাপক রফিকুল আলম, কেন্দ্রীয় পশু হাসপাতালের ভেটেরিনারি অফিসার এ বি এম শহিদ উল্লাহ, শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল জলিল।