কোরআন পোড়ানোর ঘটনায় খালেদা জিয়া হুকুমের আসামি: প্রধানমন্ত্রী
হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা অবরোধ কর্মসূচির দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিএনপি-জামায়াত কোরআন শরিফ পুড়িয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। বিরোধী দলের নেতা খালেদা জিয়া এ ক্ষেত্রে হুকুমের আসামি। ওনার বিরুদ্ধে হত্যার মামলাও হতে পারে।’
গতকাল বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের ফেনী জেলার তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, ‘সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। পালাবার নাকি পথ পাব না। আমার প্রশ্ন, সেই আলটিমেটাম গেল কই?’
প্রধানমন্ত্রী বলেন, ‘বায়তুল মোকাররমের ফুটপাতে অনেক হকারই কোরআন, তসবিহ ইত্যাদি বিক্রি করেন। সেসব কোরআন শরিফ পোড়ানোর মতো জঘন্য কাজও তারা করেছে। বিশ্বের ইতিহাসে এত কোরআন একসঙ্গে কেউ পুড়িয়েছে কি না, তা আমার জানা নেই।’ তিনি আরও বলেন, ‘তারা কোরআন পুড়িয়ে কোন ইসলাম হেফাজত করতে চায়? কাজটি বিএনপি-জামায়াত করেছে। ফুটেজ ধরে ধরে, প্রত্যেকের চেহারা দেখে সব কটাকে ধরা হবে। একটাকেও ছাড় দেওয়া হবে না।’
বিরোধীদলীয় নেতা হেফাজতকে ঢাকায় ডেকে এনেছেন এবং তাদের কাঁধে ভর দিয়ে ক্ষমতা দখল করতে চেয়েছেন বলে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘কথা ছিল হেফাজত বিকেলের মধ্যে চলে যাবে। কিন্তু বিএনপির নেত্রী ওনাদের থেকে যেতে বলেছেন। এক রাত থাকলেই নাকি সরকার পড়ে যাবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, হেফাজতের সমাবেশে যারা থেকে গেছে, তারা পুলিশের ওপর আক্রমণ করেছে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তাদের চলে যাওয়ারও ব্যবস্থা করেছে। বাচ্চা বাচ্চা ছেলেদের খাওয়া নেই, দাওয়া নেই, পকেটে টাকা নেই। তাদের টাকা দেবে বলেছিল, টাকাও দেয়নি। অনেকে আহত ছিল, পুলিশ তাদের চিকিৎসার ব্যবস্থাও করেছে। এখন অপ্রচার করা হচ্ছে, আড়াই হাজার লোককে হত্যা করা হয়েছে। আড়াই হাজার মৃতদেহ ট্রাকে ভরে নিয়ে যাওয়া হয়েছে। প্রশ্ন হলো, এত লাশ গেল কোথায়? তাদের আত্মীয়স্বজনই বা কোথায়?
সুযোগ পাননি হাজারী: সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মতবিনিময় সভায় ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা বেগম, সদর থানার সভাপতি করিমুল্লাহ, ফুলগাজী থানার সভাপতি একরামুল হক, ছাগলনাইয়া থানার সভাপতি ফয়েজ আহমেদ প্রমুখ বক্তব্য দেন। তাঁরা বহিষ্কৃত নেতা ও সন্ত্রাসের গডফাদার হিসেবে পরিচিতি জয়নাল হাজারী সমালোচনা করে বলেন, ফেনী আগে অশান্ত ছিল। সন্ত্রাসের জনপদ ছিল। এখন ফেনী শান্ত, আইনশৃঙ্খলা ভালো এবং আওয়ামী লীগও অনেক সংগঠিত।
তৃণমূলের তালিকায় নাম না থাকলেও মতবিনিময় সভায় জয়নাল হাজারীও উপস্থিত ছিলেন। তিনি বক্তব্য দেওয়ার আগ্রহ জানিয়ে একাধিকবার চিরকুট পাঠান। কিন্তু সুযোগ পাননি। গত নির্বাচনে জয়নাল হাজারীর স্থলে দলীয় মনোনয়ন পান সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। তিনিও সভায় বক্তৃতা দেওয়ার সুযোগ পাননি ।