কোরআনের অপব্যাখ্যা করে তারা সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা চালাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তির ধর্ম ইসলামের অপব্যাখ্যা এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসের প্রতিবাদে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে সভা, সমাবেশ, কর্মশালা ও মানববন্ধন হয়েছে। এসব অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরআনের অপব্যাখ্যা করে ইসলামের লেবাসধারী লোকেরা সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা চালাচ্ছে। বক্তারা জঙ্গিবাদের হাত থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: গতকাল বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্থানীয় থানা রোডে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা মো. আবু কাওছার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শামীম শাহরীয়ার প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত আলী।
চুয়াডাঙ্গা: ইসলামিক ফাউন্ডেশন গতকাল শ্রীমন্ত টাউন হলে কর্মশালার আয়োজন করে। ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপপরিচালক এ বি এম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত পরিচালক হারুনুর রশিদ।
ভোলা: জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বানে সদর উপজেলা প্রেসক্লাবের সামনে দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন, মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবু সায়েম, যুগ্ম আহ্বায়ক আবিদুল আলম প্রমুখ।