চট্টগ্রাম বোর্ড গঠিত তদন্ত কমিটির পর্যবেক্ষণে চলতি বছরের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার ৮৬টি উত্তরপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় চকরিয়ার কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। পাশাপাশি ওই বিদ্যালয় কর্তৃপক্ষের আরও কয়েকটি অনিয়মও ধরা পড়েছে।
২০ ফেব্রুয়ারি তিন সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে বোর্ড কর্তৃপক্ষকে। কমিটি অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার সুপারিশ করেছে। আর ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের বিষয়টি মানবিকভাবে বিবেচনার কথা বলেছে।
৯ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের পরীক্ষার দিন চকরিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ৪ ও ৬ নম্বর কক্ষের ৮৬ জন পরীক্ষার্থীর রচনামূলক উত্তরপত্র ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। কেন্দ্রের একদল উচ্ছৃঙ্খল পরীক্ষার্থী নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র দেরিতে দেওয়ার অজুহাতে এ ধরনের ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া যায়।
তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, বোর্ডের শৃঙ্খলা কমিটির বৈঠক ডেকে সেখানে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হবে। এরপর শৃঙ্খলা কমিটির সদস্যরা যে সুপারিশ করবেন, তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বোর্ডের তদন্ত কমিটির আহ্বায়ক ও কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া বলেন, ‘আমরা নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন জমা দিয়েছি। এতে আমাদের কিছু পর্যবেক্ষণ ও সুপারিশ রয়েছে।’
বোর্ড সূত্রে জানা যায়, তদন্ত কমিটির পর্যবেক্ষণে বলা হয়, ৮৬ জনের উত্তরপত্র খোয়া যাওয়ার সঙ্গে ওই দুই কক্ষের কোনো পরীক্ষার্থী জড়িত ছিল না। অন্য কক্ষ থেকে এসে উত্তরপত্র ছিনতাই করা হয়েছে। যারা অপরাধ করেছে, তাদের পরনে ছিল নীল শার্ট। এতেই প্রতীয়মান হয়, তারা কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থী। কারণ, নীল রঙের শার্ট ওই বিদ্যালয়ের নির্ধারিত পোশাক।
তদন্ত কমিটির পর্যবেক্ষণ থেকে জানা যায়, কোরক বিদ্যাপীঠ কর্তৃপক্ষ এসএসসির শিক্ষার্থীদের কাছ থেকে বিধিবহির্ভূতভাবে প্রবেশপত্র বাবদ ৩০০ টাকা করে আদায় করেছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের সময়ে প্রতিজনের কাছ থেকে তিন হাজার টাকা করে আদায় করে। কিন্তু শুধু এক হাজার ৬০০ টাকার রসিদ দেওয়া হয়।
কমিটির পর্যবেক্ষণে কেন্দ্রে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির কারণ হিসেবে পরীক্ষা পরিচালনায় মাদ্রাসার শিক্ষকদের নিয়োগের বিষয়টিকে দায়ী করা হয়। প্রতিবেদনে বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় বিদ্যালয় কেন্দ্রে মাদ্রাসার শিক্ষক দিয়ে পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য মহৎ থাকলেও তাঁদের এ ধরনের পরীক্ষা সম্পর্কে ধারণা না থাকায় তা প্রশ্নবিদ্ধ হয়েছে।
তদন্ত কমিটি পরীক্ষা পরিচালনায় স্থানীয় ও জেলা প্রশাসন কোনো অস্পষ্টতার মুখোমুখি হলে বোর্ডের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করেছে। ভবিষ্যতে পরীক্ষাসংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কেউ যাতে কেন্দ্রে ঢুকতে না পারে, সে ব্যাপারে কড়াকড়ি আরোপের সুপারিশ করা হয়। পরীক্ষা বিধিমালা অনুযায়ী ৮৬ জন পরীক্ষার্থীর বিষয়টি মানবিকভাবে বিবেচনার সুপারিশ করা হয়েছে। কোনো অবস্থাতেই তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে জোর দেওয়া হয়েছে। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠানের স্বার্থে কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের ২০১৪ সালের জেএসসি ও ২০১৫ সালের এসএসসি পরীক্ষা অন্য কোনো কেন্দ্রে সরিয়ে নেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার সুপারিশ করা হয়। কোরক বিদ্যাপীঠে বিধিবহির্ভূত ফি আদায়ের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।