কোরবানি দিলেন হাজিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। ১০ জিলহজ আমরা ফজরের নামাজ পড়ে সূর্যোদয়ের কিছু আগে মিনার উদ্দেশে রওনা দিলাম। তাঁবুতে পৌঁছে বিশ্রাম ও নাশতা সেরে নিলাম। বড় জামারায় গিয়ে শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপ করলাম। জামারা হলো মিনা ময়দানে অবস্থিত তিনটি স্তম্ভ। এগুলোর নাম জামারাতুল উলা বা ছোট জামারাহ্, জামারাতুল উসতা বা মধ্যম জামারাহ্ এবং জামারাতুল কুবরা বা বড় জামারাহ্।
পাথর নিক্ষেপের পরবর্তী কাজ হলো কোরবানি করা। আমরা যেহেতু আগেই কোরবানির টাকা নির্ধারিত ব্যাংকে জমা দিয়েছি, তাই আমাদের আর কোরবানির জন্য নির্ধারিত স্থানে যেতে হলো না। তাই আমরা জামারা থেকে বেরিয়ে মাথা মুণ্ডন করার জন্য নাপিতের দোকানের খোঁজ করলাম। কোনো কোনো জায়গায় দেখলাম, কিছু কিছু হজযাত্রী পয়সার বিনিময়ে অন্য হজযাত্রীদের মাথা মুণ্ডন করে দিচ্ছেন। আমরা মাথা মুণ্ডন করে গোসল সেরে মিনা থেকে স্বাভাবিক পোশাক পরে ১০ জিলহজ তাওয়াফে জিয়ারত করার জন্য মক্কার পথে রওনা হলাম। এটি হজের অন্যতম ফরজ কাজ। কাবা শরিফের তাওয়াফ শুরু করতে হয় হাজরে আসওয়াদ থেকে। ভিড়ের কারণে হাজরে আসওয়াদ স্পর্শ বা চুমু দেওয়া সম্ভব না হলে ইশারায় চুমু দিতে হয়। শুরু করলাম তাওয়াফ। প্রচণ্ড ভিড়। আগে যেখানে আমাদের তাওয়াফ ১৫ মিনিটের মধ্যে হয়ে যেত, সেখানে আজ আমাদের তাওয়াফ করতে লাগল দুই ঘণ্টা। আর সায়ি (অর্থাৎ সাফা-মারওয়া সাতবার আসা-যাওয়া) করতে লাগল আরও দুই ঘণ্টা। এখান থেকে আবার মিনায় জামারাতে যেতে হবে পাথর ছোড়ার জন্য।
মসজিদুল হারামের চত্বরের একপ্রান্ত থেকে একটা পায়ে চলা পথ জামারার দিকে চলে গেছে। রাস্তাটির বেশির ভাগ অংশই পাহাড়ের ভেতর দিয়ে তৈরি করা টানেল। টানেলের ভেতর পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা। মাথার ওপর বিশাল আকারের ফ্যান। এই টানেল দিয়ে হাঁটার সময় একটু ভয় ভয় লাগা অস্বাভাবিক নয়। মিনায় পৌঁছাতে পৌঁছাতে ১১ জিলহজ হয়ে গেল। তাই ১১ তারিখের পাথর মারা ফেরার সময় সেরে নিলাম। প্রচণ্ড ভিড়ের মধ্যে এক এক করে ছোট, মধ্যম ও বড় জামারায় সাতটি করে ২১টি পাথর নিক্ষেপ করলাম।
হাজিরা মিনায় দুই দিন অবস্থান করে হজের অন্য আনুষঙ্গিক কাজ যেমন প্রতিদিন জামারায় তিনটি (ছোট, মধ্যম, বড়) শয়তানকে সাতটি করে পাথর নিক্ষেপ করবেন। মিনার কাজ শেষে আবার মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর নিজ নিজ দেশে ফিরবেন। যাঁরা মদিনায় যাননি, তাঁরা মদিনায় যাবেন। যদিও মদিনায় যাওয়া হজের অংশ নয়।