কোরবানির গরুর দাম কম
শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ হাট! সবচেয়ে বড় গরুটির দাম হাঁকা হয় ৬৫ হাজার টাকা। আটমূল গ্রামের আমিনুর রহমান গরুটি হাটে এনে হতাশ। বাড়িতেই তাঁর গরুর দাম ৫০ হাজার টাকা বলেছিলেন এক ক্রেতা। হাটে এই দামও কেউ বলেনি।আমিনুরের মতো মাঝিহট্ট গ্রামের সারোয়ার হোসেন, ভালুকখালী গ্রামের ইশারত হোসেন, বেলভুজা গ্রামের গোলাম রব্বানী—সবাই বড় আকৃতির গরু নিয়ে হাটে এসে দাম শোনার পর যারপরনাই হতাশ। বগুড়ার শিবগঞ্জের বিভিন্ন হাটে কোরবানির গরুর দাম কম। এতে গরু পালনকারীরা বিপাকে পড়েছেন। তবে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন যাঁরা ভাগে গরু পালন করেন তাঁরা। উপজেলার অনেক গরু পালনকারীর মুখে এবার তাই ঈদের আনন্দ নেই। লাভ তো দূরের কথা, তাঁরা বিনিয়োগের টাকা তুলতে পারবেন কি না, তা নিয়ে চিন্তিত। তবে ঈদের আগমুহূর্তে গরুর ভালো দাম পাওয়ার ব্যাপারে তাঁরা আশাবাদী। বেশ কয়েকজন গরু পালনকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, এ উপজেলার দরিদ্র লোকজন গরু পত্তন নিয়ে থাকেন। সাধারণত, ঈদুল আজহার ছয় মাস বা এক বছর আগে সচ্ছল ব্যক্তিরা লাভের জন্য গরু কিনে দরিদ্রদের কাছে পালনের জন্য দেন। শর্ত থাকে, গরু কেনার টাকা বাদ দিয়ে বাড়তি যে লাভ হবে, সে টাকা মালিক ও পালনকারী আধাআধি ভাগ করে নেবেন। কিন্তু এবার কোরবানির বাজার নিম্নমুখী হওয়ায় পালনকারীদের চিন্তা বেড়ে গেছে। এবার বাজারের যে হাল তাতে লাভের টাকা গোনার চেয়ে পালনকারীদের লোকসান গুনতে হবে। এতে তাঁদের চরম আর্থিক সংকটে পড়তে হবে।উপজেলার দামগাড়া গ্রামের আবু হানিফ (৪০) জানান, আট মাস আগে ১২ হাজার টাকায় কেনা গরুটি তিনি পালনের জন্য মালিকের কাছ থেকে পত্তন নেন। লালনপালন করতে খরচ হয়েছে ১০ হাজার টাকারও বেশি। গত শুক্রবার গরুটি বুড়িগঞ্জ হাটে আনার পর দাম উঠেছে ২৪ হাজার টাকা। এতে তাঁকে লোকসান গুনতে হচ্ছে। অথচ গত বছর এমন গরুর দাম উঠেছিল ৩২ হাজার টাকারও বেশি। দাম কমার কারণ সম্পর্কে অনেকে জানান, এবার হিমাগারে রাখা আলুর বাজারে নজিরবিহীন ধস নেমেছে, যার প্রভাব পড়েছে কোরবানির হাটে। এ ছাড়া বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আমন ধান না ওঠায় মানুষের হাতে টাকা নেই। তাই বেশি দামে কোরবানির পশু কিনতে উৎসাহী নয় মানুষ।উপজেলার বাকসন গ্রামের আজিজার রহমান (৫০) বলেন, ‘আমি কোরবানি দেওয়াসহ বিভিন্ন খরচ মিটানোর জন্য হিমাগারে ৩০ বস্তা আলু রেখেছিলাম। কিন্তু আলুতে মূলধন হারিয়েছি। এদিকে এখনো আমন ধান ঘরে ওঠেনি। তাই শেষ পর্যন্ত কোরবানি দিতে পারব কি না তা নিয়ে চিন্তায় পড়েছি।’