কোরবানির গরুর প্রতি বর্গফুট চামড়া ৫০ টাকা, খাসির ২০
এবার কোরবানি হওয়া গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া ঢাকায় ৫০ টাকায় এবং ঢাকার বাইরে ৪০ টাকায় কিনবেন বলে ঠিক করেছেন চামড়া-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আর প্রতি বর্গফুট খাসির চামড়া ২০ টাকা এবং বকরির চামড়ার মূল্য ১৫ টাকা ঠিক করা হয়েছে।
রাজধানীর ধানমন্ডিতে গতকাল শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এবারের কোরবানির পশুর চামড়ার এই মূল্যতালিকা ঘোষণা করা হয়। চামড়া-সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তিনটি সংগঠন বাংলাদেশ প্রস্তুত চামড়া, চামড়া পণ্য ও জুতা রপ্তানিকারক সমিতি (বিএফএলএলএফইএ); বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) ও বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিনস মার্চেন্টস অ্যাসোসিয়েশন (বিএইচএসএমএ) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
ঘোষিত দাম অনুযায়ী, এবার ঢাকা ও ঢাকার বাইরের গরুর লবণযুক্ত চামড়ার দাম গতবারের তুলনায় ৫ টাকা কম নির্ধারণ করা হয়েছে। গত বছর গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া ছিল ৫০-৫৫ টাকা। ঢাকার বাইরে গরুর চামড়া ছিল ৪০-৪৫ টাকা। আর প্রতি বর্গফুট খাসির চামড়া ২০-২২ টাকা ও বকরির চামড়া ১৫-১৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে বিটিএর সভাপতি শাহীন আহমেদ বলেন, চামড়ার গুণগত মান নির্ভর করে যথাযথ সংগ্রহ ও সংরক্ষণের ওপর। তিনি মৌসুমি ব্যবসায়ীদের প্রতি পশু জবাইয়ের পর দ্রুত চামড়া ট্যানারিতে নিয়ে আসার অথবা সংরক্ষণের আহ্বান জানান।