কোরবানির গরুর মেলা
ঈদুল আজহা উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী এক মেলার। উপজেলার মাজু গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে গত সোমবার অনুষ্ঠিত হয়েছে ‘কোরবানির গরুর মেলা’।কর্মসংস্থান ব্যাংক আলমডাঙ্গা শাখার সহযোগিতায় আয়োজিত গরুর মেলা উদ্বোধন করেন ব্যাংকের কুষ্টিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক মাকসুদা নাসরিন। ব্যাংকের আলমডাঙ্গা শাখা ব্যবস্থাপক আসাদুজ্জামান ও দ্বিতীয় কর্মকর্তা ফেরদৌস আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।মেলায় কর্মসংস্থান ব্যাংকের উপকারভোগী ৫০ জন পালনকারী তাঁদের গরু নিয়ে অংশ নেন। উন্নতজাতের গরু পালনে উৎসাহিত করতে তাঁদের মধ্যে ১০ জনকে উৎসাহ পুরস্কার দেওয়া হয়। মাজু গ্রামের আশরাফুল ইসলাম প্রথম পুরস্কার পেয়েছেন।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, এখানকার প্রায় তিন হাজার ব্যক্তি এ বছর ১০ হাজারের বেশি গরু পালন করছেন। এসব পশু কোরবানির মৌসুমে ঢাকা, চট্টগ্রামসহ দেশের প্রধান পশুর হাটগুলোতে বিক্রির জন্য নেওয়া হবে।