মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, গত বছর দেশে ৯৪ লাখ গবাদিপশু কোরবানি হয়েছিল। এ বছর প্রয়োজন হবে প্রায় এক কোটি গবাদিপশু। দেশে পর্যাপ্ত সংখ্যক কোরবানির পশু রয়েছে। দেশের খামারিরা এখন আগের চেয়ে অনেক বেশি পশু পালন করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। দেশের বাইরে থেকে পশু আমদানির কোনো প্রয়োজন নেই।
প্রতিমন্ত্রী গতকাল শনিবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন রেজার সঞ্চালনায় সভায় নারায়ণ চন্দ্র চন্দ বলেন, খুলনা-মংলা রেললাইন নির্মাণের কাজ এগিয়ে চলেছে। বিমানবন্দর নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে।
প্রতিমন্ত্রী আরও বলেন, খুলনার জিরো পয়েন্ট থেকে ভোমরা স্থলবন্দর পর্যন্ত সড়কটি ২৫০ কোটি টাকা ব্যয়ে সম্প্রসারণের একটি প্রকল্প নেওয়া হয়েছে। বর্তমানে সড়কটি ২০ ফুট চওড়া। এটিকে প্রশস্ত করে ৪০ ফুট করা হবে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত আলিম জুট মিলকে কীভাবে লাভজনক করা যায়, সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সভায় বক্তব্য দেন দৈনিক পূর্বাঞ্চল-এর সম্পাদক বেগম ফেরদৌসী আলী, জন্মভূমির সম্পাদক ওয়াদুদুর রহমান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন, শেখ আবু হাসান ও ফারুক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন ও এস এম হাবিব, দৈনিক প্রবর্তন-এর সম্পাদক মোস্তফা সরোয়ার প্রমুখ।