নোয়াখালীর ৮টি পৌরসভার ২৬২ স্থানে কোরবানির পশু জবাইয়ের স্থান নির্ধারণ করেছে জেলা প্রশাসন। পশু জবাই, চামড়া ছাড়ানো এবং মাংস কাটার কাজে সহযোগিতা ও তদারকির জন্য ৩৩৬ জন ইমাম ও ৯৫ জন কসাইকে তালিকাভুক্ত করা হয়েছে। এ ছাড়া গঠন করা হয়েছে ৮২টি কমিটি।
গতকাল মঙ্গলবার বিকেলে নোয়াখালী জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত সাংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অনুপম বড়ুয়া। এ সময় জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, প্রশাসনের নেওয়া এ উদ্যোগকে সফলভাবে শেষ করতে কোরবানির প্রতিটি স্থানে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। ইতিমধ্যে এসব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাইকিং করার পাশাপাশি প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। এ ছাড়া পশু জবাইয়ের নির্ধারিত স্থান উল্লেখ করে ব্যানার টানানো হয়েছে। পৌরসভার ইমামদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। শুক্রবার মসজিদে মুসল্লিদের নির্ধারিত স্থানে পশু কোরবানি দিতে উৎসাহিত করার লক্ষ্যে ইমামদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।