
আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মুন্সিগঞ্জের খামার মালিক ও কৃষকেরা। গবাদিপশু বিক্রির জন্য প্রস্তুত তাঁরা। খামার থেকেই কোরবানির পশু বিক্রি করা হবে বলে খামার মালিকেরা জানিয়েছেন।
মুন্সিগঞ্জ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, মুন্সিগঞ্জ ও এর আশপাশে ৩ হাজার ২৮৫টি খামার আছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, এ বছর খামারগুলোতে কোরবানির গবাদিপশুর সংখ্যা সর্বনিম্ন ৩০ হাজার হবে। এক সপ্তাহের মধ্যে এর পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যাবে।
গত কয়েক দিন মুন্সিগঞ্জের সদর উপজেলা, শ্রীনগর ও গজারিয়া উপজেলার ১০-১৫টি খামার ঘুরে দেখা যায়, গবাদিপশু পালনে ব্যস্ত খামারিরা। গতকাল বুধবার সদর উপজেলার মাঠপাড়া এলাকার মো. জাকির হোসেনের খামারে গিয়ে কথা হয় বিনোদপুর এলাকার মো. সমরাজ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আমি আমার এক আত্মীয়র মাধ্যমে জানতে পারলাম এখানে দেশি ভালো ষাঁড় পাওয়া যায়। এখানে আসার পর দুটি ষাঁড় পছন্দ হয়েছে। একটির দাম ১ লাখ ৬০ হাজার টাকা। অন্যটির দাম ২ লাখ টাকা।’ হাটের বদলে খামারে গরু কেনার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘হাট থেকে গরু কিনলে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত অনেক ঝামেলায় পড়তে হয়। খামারিদের থেকে গরু কিনলে এসব ঝামেলা থেকে নিশ্চিন্ত থাকা যায়।’
কথা হলো সদর উপজেলার মধ্যে কোটগাঁও এলাকার মদিনার ফুল খামারের মালিক মো. ওমর ফারুকের সঙ্গে। তিনি বলেন, ‘আমার খামারে দেশি জাতের ৪০টি ষাঁড় আছে। আমি এ বছর প্রথম খামার করেছি। দেশি ষাঁড়ের চাহিদা বেশি থাকায় আমি এখানকার কৃষকদের দিয়ে খামারে প্রাকৃতিকভাবে ষাঁড় মোটাতাজা করেছি।’ জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সব কটি পশু খামার থেকেই বিক্রি করব। আর যদি কিছু থেকে যায়, তাহলে আগামী বছরের জন্য তৈরি করব। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ষাঁড় মোটাতাজা করায় রেখে দিলেও আমার পশুর কোনো ক্ষতি হবে না।’
খামার মালিক মো. জাকির হোসেন বলেন, তাঁর বাবা-দাদা সবাই এ কাজ করতেন। কোরবানির ঈদ উপলক্ষে তাঁরা সারা বছর খামারে দেশি বিভিন্ন জাতের গরু ও খাসি পালন করেন। এর মধ্যে রয়েছে সিন্ধি, শাহিওয়াল ও দেশি জাতের গরু। তাঁর খামারে ৬০ হাজার থেকে ৩ লাখ টাকার মধ্যে গরু কেনা যাবে। তিনি আরও বলেন, ‘এ বছর দেশে যে পরিমাণ গরু পালন করা হয়েছে, তা কোরবানির চাহিদা পূরণ করেও ১০ ভাগ থেকে যাবে। তাই সরকার ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার দাবি, ভারত ও মিয়ানমার থেকে যেন গরু আমদানি করা না হয়।’
কোরবানির পশুর ক্রেতা মো. ইকবাল হোসেন বলেন, ‘যাঁরা কোরবানির জন্য গবাদিপশু লালন-পালন করেন, তাঁরা মুনাফার আশায় তা করেন। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করি। কিন্তু পশুর দাম কমে গেলে তাঁদের (খামারি-কৃষক) অনেক ক্ষতির কারণ হতে পারে। তাই সরকারের উচিত চোরাইপথে অন্য দেশ থেকে যেন দেশে গরু না আসে, সেদিকে নজর রাখা।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আফাজউদ্দিন মিঞা প্রথম আলোকে বলেন, ‘মুন্সিগঞ্জের মানুষ অনেক আগে থেকেই গবাদিপশু পালনের সঙ্গে যুক্ত। দিন দিন এ খাতে উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। যদি সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে গবাদিপশু লালন-পালন করা হয় তা খামারিদের জন্য লাভজনক হবে। এরই মধ্যে এ বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও তাঁদের সহযোগিতার জন্য উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। আর গবাদিপশু লালন-পালন করে আর্থিকভাবে বেশি লাভবান হওয়ার জন্য কোরবানির ঈদ একটা বড় উপলক্ষ। তাই খামারিদের কথা চিন্তা করে বিদেশ থেকে পশু আনা বন্ধ করা উচিত।’