কোরবানির পশুতে স্বপ্ন খামারির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য মানিকগঞ্জের বিভিন্ন চরে গরু পালন করেন খামারিরা। শিবালয় উপজেলার কানাইদিয়া চর থেকে গত শনিবার তোলা ছবি l প্রথম আলো
ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য মানিকগঞ্জের বিভিন্ন চরে গরু পালন করেন খামারিরা। শিবালয় উপজেলার কানাইদিয়া চর থেকে গত শনিবার তোলা ছবি l প্রথম আলো

গরু-ছাগল পালনে যত্নের কমতি নেই মানিকগঞ্জের তিন উপজেলার চরাঞ্চলের খামারিদের। এবার বন্যায় মাঠের ফসল নষ্ট হলেও কোরবানির পশুর হাটে পশুর ভালো দামের স্বপ্ন দেখছেন তাঁরা।
কিন্তু গত পবিত্র ঈদুল আজহার আগে গরু ডাকাতির ঘটনা মনে করে দুশ্চিন্তায় পড়ে যান খামারিরা। ডাকাত-আতঙ্কে তাঁরা রাত জেগে গরু-ছাগল পাহারা দিচ্ছেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, পবিত্র ঈদুল আজহা সামনে রেখে গত বছরের তুলনায় এবার মানিকগঞ্জে পশুপালন ২০ শতাংশ বেড়েছে। কার্যালয়ের নজরদারির কারণে খামারিরা পশুগুলোকে স্টেরয়েড-জাতীয় ওষুধের পরিবর্তে প্রাকৃতিক উপায়ে হৃষ্টপুষ্ট করছেন। এবার জেলা থেকে এক লাখের বেশি পশু কোরবানির পশুর হাটে উঠবে বলে ধারণা করা হচ্ছে। জেলার শিবালয় ও দৌলতপুর উপজেলায় যমুনা ও হরিরামপুর উপজেলায় পদ্মার চরাঞ্চল থেকে বেশির ভাগ পশু আসবে।
ওই তিন উপজেলার খামারিরা জানান, পদ্মা ও যমুনার চরাঞ্চলের মানুষের আয়ের অন্যতম উৎস হচ্ছে গরু পালন। শিবালয়ের কানাইদিয়া, চর শিবালয়, গঙ্গাপ্রসাদ, আলোকদিয়া, বষ্টমী, ত্রিশুন্ডী ও রঘুনাথপুর; দৌলতপুরের কাশি দিরামপুর, লালগোলা, পারুলিয়া ও বাঘুটিয়া এবং হরিরামপুরের আজিমনগর, এনায়েতপুর, হাতিঘাটা, নসুরতপুর, ইব্রাহিমপুর, শিকারপুর, লেছড়াগঞ্জ ও সুতালরি চরাঞ্চলের প্রতি বাড়িতে দুটি থেকে ১২টি পর্যন্ত গরু পালন করে ঈদুল আজহার সময় বিক্রি করা হয়। এ থেকে উপার্জিত অর্থ দিয়েই চলে তাঁদের সংসার। তবে এ বছর বন্যায় বাড়িঘরে পানি ওঠায় চরাঞ্চলের খামারিরা গরু-ছাগল নিয়ে বিপাকে পড়েছেন। পানির কারণে মাচা তৈরি করে পশুগুলোকে রাখার ব্যবস্থা করা হয়েছে। ফসলের মাঠ তলিয়ে যাওয়ায় প্রাকৃতিক গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। খড় ও কুঁড়া-ভুসি কিনে গরু-ছাগলকে খাওয়ানো হচ্ছে। তবে কয়েক দিন থেকে পানি নামতে শুরু করেছে।
শিবালয় উপজেলার গঙ্গাপ্রসাদ চরের খামারি সেলিম মোল্লা, আকরাম মোল্লা ও আবদুল আজিজ শেখ বলেন, এ বছর এলাকায় চুরি-ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। কিন্তু গত কয়েক বছরে ঈদুল আজহার আগে ডাকাতেরা ট্রলারে করে এসে প্রচুর গরু লুট করে নিয়ে গেছে। এ কারণে তাঁরা রাত জেগে গরু-ছাগল পাহারা দিচ্ছেন। চরাঞ্চলের এসব খামারির নিরাপত্তার জন্য নৌপুলিশের নিয়মিত টহলের দাবি জানান তাঁরা।
১২ সেপ্টেম্বর শিবালয়ের দুর্গম চরাঞ্চল গঙ্গাপ্রসাদ, চরশিবালয় ও কানাইদিয়ায় গিয়ে দেখা গেছে, অধিকাংশ বাড়িতেই ছোট-বড় গরুর খামার রয়েছে। এসব খামারে কেউ দুটি থেকে ১০টিরও বেশি দেশি জাতের গরু পালন করছেন।
কানাইদিয়া চরের খামারি তাজেল মণ্ডল ও মাজেদ ব্যাপারী এবং আলোকদিয়া চরের মন্টু মিয়া ও চর শিবালয়ের আলী কাজী বলেন, কোরবানির ঈদ সামনে রেখেই তাঁরা গরু-ছাগল পালন করে থাকেন। এসব গরু বিক্রির উপার্জিত টাকা দিয়েই সংসারের যাবতীয় খরচসহ সন্তানদের লেখাপড়ার খরচ মেটানো হয়।
শিবালয় সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, এ বছর শিবালয় ও দৌলতপুরের চরাঞ্চলের খামারিদের অন্তত ৩০ হাজার গরু কোরবানির পশুর হাটে ওঠার অপেক্ষায় রয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, চরাঞ্চলগুলোতে এ বছর গরু-ছাগল চুরি কিংবা ডাকাতির ঘটনা ঘটেনি। চরবাসীদের নিরাপত্তা ও চুরি-ডাকাতি ঠেকাতে রাতের বেলায় নদীতে পুলিশের টহলের ব্যবস্থা করা হয়েছে। তবে নৌযান ও লোকবলস্বল্পতার কারণে নিয়মিত টহল দেওয়া সম্ভব হয় না।