কোরবানির পশুর চামড়া এবার ঢাকার বাইরে যেতে দেবে না পুলিশ। এ জন্য মোড়ে মোড়ে ও মহাসড়কে চেকপোস্ট বসানো হবে। এক হাটের গরু অন্য হাটেও বিক্রি করা যাবে না। আইনশৃঙ্খলা নিয়ে গতকাল বৃহস্পতিবার পুলিশের এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।পুলিশ সদর দপ্তর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার পর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে তিন পর্যায়ে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি ইভ টিজিংকে মারাত্মক অপরাধ হিসেবে বিবেচনা করে এর সঙ্গে সামঞ্জস্য একটি শব্দ দেওয়ার সুপারিশ করেন।পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, গতকালের সভায় গরুর হাটের নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এতে বলা হয়, ব্যবসায়ীরা বাইরে থেকে পশু আনতে গেলে তাঁদের পছন্দমতো হাটে যেতে দেওয়া হয় না। একশ্রেণীর অসাধু লোক জোর করে তাদের নিজেদের হাটে যেতে বাধ্য করে। আবার গরুর হাটও নির্ধারিত এলাকার বাইরে চলে যায়। হাটের সীমানা ছাড়িয়ে রাস্তায় এসে কেনাবেচা হতে থাকে। আবার কোরবানির পশুর চামড়া বিক্রির কথা বলে ঢাকা থেকে বাইরে নিয়ে পাচার করা হয়। আইজি এসব বন্ধে নির্দেশনা দিয়েছেন। তিনি ঈদের সময় কোরবানির পশুর চামড়া যাতে ঢাকার বাইরে না যায়, সে ব্যাপারে নির্দেশ দিয়েছেন।বৈঠকের পরে সদর দপ্তর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজি বলেন, ঈদের আগে যানজট নিরসনে বিশেষ পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। টিকিট কালোবাজারি, পরিবহন চাঁদাবাজি বন্ধ, পশু পরিবহন ক্ষেত্রে পথে পথে প্রতিবন্ধকতা দূর করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হচ্ছে। প্রতিটি টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চ-স্টিমার ঘাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। আইজি বলেন, ঈদের আগে যাত্রী হয়রানি রোধ, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টি, নানা প্রতারকচক্রের তৎপরতা রোধে গোয়েন্দা পুলিশের পাশাপাশি বাড়ানো হবে র্যাব-পুলিশের অভিযান। ১১ নভেম্বর থেকে শুরু হবে রাজধানীসহ সারা দেশে তিন পর্বের বাড়তি নিরাপত্তা কার্যক্রম। আইজি বলেন, ইভ টিজিং-সংক্রান্ত সবগুলো ঘটনাকে পুলিশ স্পর্শকাতর অপরাধ হিসেবে গণ্য করে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়টিতে কোথাও কোনো রকম গাফিলতির সুযোগ নেই। তবে এটাও স্মরণ রাখতে হবে, ইভ টিজিং-সংক্রান্ত মিথ্যা অভিযোগ তুলে কাউকে যেন হয়রানির করা না হয়।