কোরবানির পশুর দাম কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জের বিভিন্ন হাটে এবার কোরবানির গরুর দাম কম। আলু ও পাটের বাজার মন্দা হওয়ার কারণে কোরবানির পশুর দাম পড়ে গেছে। এতে যাঁরা কোরবানির হাটে বিক্রির জন্য সারা বছর গরু পালন করেছেন, তাঁরা বিপাকে পড়েছেন।
কয়েকজন গরু পালনকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদুল আজহার ছয় মাস বা এক বছর আগে উপজেলার সচ্ছল ব্যক্তিরা হাট থেকে গরু কিনে দরিদ্র লোকজনকে তা পালন করতে দেন। এ সময় মালিকেরা শর্ত দেন কোরবানির আগে পালনকারীরা বিভিন্ন হাটে নিয়ে গরু বিক্রি করবেন। গরু কেনার টাকা বাদ দিয়ে যা লাভ হবে তার অর্ধেক মালিক ও বাকি অর্ধেক পালনকারী পাবেন। কিন্তু এবার কোরবানির বাজার নিম্নমুখী হওয়ায় পালনকারীরা আশানুরূপ লাভ পাবেন না। অনেকে শ্রমমূল্যও পাবেন না।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এবার বাজারে হিমাগারে রাখা আলুর দাম নেই। পাট চাষ করে কৃষক উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন। এ ছাড়া আমন ধান না ওঠায় মানুষের হাতে টাকা নেই। এসব কারণে বেশি দামে কোরবানির পশু কিনতে উৎসাহী নন মানুষ। গত বছর প্রতি মণ পাটের দাম ছিল এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা। এ বছর এক মণ পাট ৯০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। গত বছর ৮৫ কেজির এক বস্তা সাদা আলু ৭০০ টাকায় বিক্রি হয়েছে। এ বছর একই পরিমাণের আলু ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
উপজেলার গুজিয়া গ্রামের চাষি আশরাফুল ইসলাম ও জাবারীপুর গ্রামের আবদুল বাসেত জানান, কোরবানির পশু কেনার ভরসা ছিল পাট। আশা ছিল ভালো দাম মিলবে। পাট বিক্রির টাকা দিয়ে বড় একটা গরু কিনবেন। কিন্তু এখন পাট বিক্রি করে ধার করে আনা টাকা শোধ করতে পারবেন কি না, তা নিয়েই চিন্তিত হয়ে পড়েছেন তাঁরা।
উপজেলার সংসারদিঘি গ্রামের ইয়াছিন আলী বলেন, ‘গত বছর আমি যে গরু ৩২ হাজার টাকায় বিক্রি করেছি। এ বছর বাজারে ওই একই গরুর দাম ২৫ হাজার টাকা। সারা বছরের লালনপালনের খরচ ধরলে গরু পালনকারীদের এবার আশানুরূপ লাভ হবে না।’
গত শুক্রবার দুপুরে কথা হয় আলীগ্রাম গ্রামের ফরহাদ হোসেনের সঙ্গে। তিনি কয়েক দিন ধরে আশপাশের হাটগুলোতে গরু নিয়ে যাচ্ছেন। ভালো দাম না পেয়ে আবার বাড়িতে ফেরত নিয়ে আসছেন। ফরহাদ হোসেন বলেন, ‘ঈদের আগের দিন পর্যন্ত আমি বেশি দামে গরু বিক্রি করার চেষ্টা করে যাব।’