কোরবানির পশুর সরবরাহ বেশি, দামও কম
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপসুলতানগঞ্জ হাটে এবার কোরবানির পশুর সরবরাহ বেশ। এ জন্য দাম গত কয়েক বছরের তুলনায় কিছুটা কম বলে মনে করছেন ক্রেতারা।
গত বৃহস্পতিবার হাটে গিয়ে কথা হয় গরু বিক্রেতা আমজাদ হোসেন, আবদুল করিম ও সাজ্জাদ আলীর সঙ্গে। তাঁরা জানান, বগুড়ার কয়েকটি হাটের মধ্যে ধাপসুলতানগঞ্জ হাট সবচেয়ে বড়। এ কারণে অনেকেই এ হাটে পশু নিয়ে আসেন। তবে এবার মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। তাঁরা আরও বলেন, কোরবানির পশুর হাটে ভালো দামে বিক্রির আশায় প্রতিবছরই গরু পালন করি। কয়েকটি গরু এনেছি। কিন্তু দাম কম মনে হচ্ছে। গরুর খাবারের দাম বেশি, রোগবালাই তো আছে। সারা বছর গরু লালনপালন করে যদি দাম না পাওয়া যায়, তবে এ ব্যবসা না করাই ভালো।
গরুর ব্যাপারী আজমল হোসেন জানান, আগে শহরগুলোতে বড় গরুর চাহিদা বেশি ছিল। এখন মাঝারি ধরনের গরুর চাহিদা বেশি। প্রতিবছরই এ হাটে গরু কেনার জন্য আসেন। এবার তিনজন ব্যাপারী গরু কেনার জন্য এ হাটে এসেছেন। দাম কম বিষয়ে বিক্রেতাদের অভিযোগে প্রসঙ্গে গরু ব্যাপারী আজমল, দেলোয়ার হোসেন ও জনাব আলী জানান, গরু কিনে ঢাকায় নিয়ে যেতে রাস্তায় পুলিশ আর শ্রমিকদের চাঁদা দিতে হয়। এ জন্য গরু বুঝে দাম-দর করতে হচ্ছে। গত বছর গরু কিনে ঢাকায় গিয়ে বিক্রি করতে পারেননি। এ কারণে অনেকে পুঁজি হারিয়েছেন।
বেলা আড়াইটার দিকে কোরবানির গরু কিনতে আসা শরিফুল ইসলাম বলেন, ‘এখনো গরু কিনতে পারিনি। গরুর মালিকের চেয়ে এ হাটে দালালদের অত্যাচার বেশি। তবে আমি প্রতিবছরই এ হাট থেকে গরু কিনে থাকি। তাড়াতাড়ি করে কোরবানির পশু কিনতে গেলে ঠকতে হয়। তবে এবার গরুর দাম তুলনামূলক কম।’
শিবগঞ্জের নামুজা গ্রামের জেল্লার হোসেন, মকছেদ আলী জানান, গরুর দাম কম হওয়ায় তাঁরা সন্ধ্যার দিকে গরু বাড়ি ফিরে নিয়ে যান।
ধাপসুলতানগঞ্জ হাটের ইজারাদার আবু সাঈদ জানান, দুপুরের পর থেকেই হাটে গরু বেচাকেনা শুরু হয়। চলে গভীর রাত পর্যন্ত। হাটের নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি তাঁদের লোকজনও রয়েছেন। এ হাটে ব্যাপারী বা ক্রেতা-বিক্রেতারা প্রতারণা বা হয়রানির শিকার হন না। গত কয়েক বছরের তুলনায় এবার হাটে প্রচুর গরুর আমদানি হয়েছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, ধাপসুলতানগঞ্জ হাট জেলার সবচেয়ে বড় পশুর হাট। সেখানে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।