কোরবানির পশুর হাটে বাড়তি হাসিল আদায়ের অভিযোগ
বগুড়ার আদমদীঘি ও শিবগঞ্জ উপজেলার কোরবানির পশুর হাটগুলো থেকে ইজারাদারেরা সরকারনির্ধারিত হাসিলের (টোল) চেয়ে অতিরিক্ত হাসিল আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সরকারিভাবে প্রতিটি গরু ও মহিষের জন্য ১৫০ টাকা এবং ছাগল ও ভেড়ার জন্য সর্বোচ্চ ৫০ টাকা হারে হাসিল নির্ধারণ করা আছে। অথচ আদমদীঘির হাটগুলোয় গরুপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা এবং ছাগল ও ভেড়ার ক্ষেত্রে ২০০ থেকে ৩০০, এমনকি ৪০০ টাকা পর্যন্ত হাসিল আদায়ের খবর পাওয়া গেছে।গত মঙ্গলবার আদমদীঘির সান্তাহার-রাধাকান্ত হাটে আহম্মেদ আলী নামের এক ক্রেতা অভিযোগ করেন, তিনি ৪০ হাজার টাকা দিয়ে একটি গরু কেনার পর তাঁর কাছ থেকে ২০০ টাকা হাসিল আদায় করা হয়েছে।অতিরিক্ত হাসিলের পাশাপাশি একাধিক হাটে ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ইজারাদারের লোকজনের মাধ্যমে চাঁদা আদায় করা হচ্ছে। কোরবানির হাটে গরু, ছাগল ও ভেড়া বেশি বিক্রির সুযোগ কাজে লাগিয়ে ইজারাদারেরা তাঁদের ইচ্ছানুযায়ী হাসিলের পরিমাণ বাড়ালেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।সরেজমিনে আদমদীঘির সান্তাহার-রাধাকান্ত হাট, আদমদীঘি হাট, নসরতপুর হাট ও চাঁপাপুর হাটে গিয়ে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সান্তাহার-রাধাকান্ত হাটে হাসিলের পাশাপাশি একটি ধর্মীয় প্রতিষ্ঠানের নামে ১০ টাকা এবং হাসিল আদায়কারী কর্মচারীর রসিদ লেখার জন্য বাড়তি আরও ১০ টাকা করে নিতে দেখা গেছে। রসিদে পশুর বিক্রয়মূল্য লেখা হলেও হাসিলের টাকার পরিমাণ লেখা হয় না।উপজেলা সদরে অবস্থিত আদমদীঘি হাটে অনেক ক্রেতার কাছে থেকে প্রতিটি ছাগলের জন্য ৩০০ থেকে ৪০০ টাকা হারে হাসিল আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও মৎস্য ব্যবসায়ী আবদুল মহিত তালুকদার বলেন, ‘বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কোনো প্রতিকার পাওয়া যায়নি।’নসরতপুর হাটের ইজারাদার তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা কয়েকজন ঠিকাদার মিলে গরুপ্রতি ২০০ এবং ছাগলের জন্য ২২০ টাকা করে টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছি।’ অতিরিক্ত হাসিল আদায়ের ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০০৯ সালের ১১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বাক্ষরিত এক চিঠিতে হাটের ইজারাদারদের ১৫ দিনের মধ্যে প্রতিটি হাটে হাসিলের তালিকাসংবলিত সাইনবোর্ড টাঙানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু উপজেলার কোনো হাটে সাইনবোর্ডের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।আদমদীঘির ইউএনও মোল্লা মিজানুর রহমান জানান, বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন। পাশাপাশি তিনি ইজারাদারদের নির্দেশ দিয়েছেন, তাঁরা যেন অতিরিক্ত হাসিল আদায় না করেন। প্রয়োজনে প্রতিটি হাটে তদারকি করা হবে।শিবগঞ্জ উপজেলায় ১৬টি হাটে পশু কেনাবেচা হচ্ছে। কোনো হাটেই সরকারনির্ধারিত হাসিল আদায় করছেন না ইজারাদারেরা। গত সোমবার উপজেলার বুড়িগঞ্জ হাট থেকে গরু কেনেন দামগাড়া গ্রামের জয়নাল আবেদীন (৫৫)। তিনিও খাজনা বাবদ ২২০ টাকা দিয়েছেন। এ হাটের খাজনা আদায়কারী আবু রায়হান জানান, প্রতিটি গরুর জন্য তিনি ২২০ টাকা করে খাজনা আদায় করছেন। এটা সরকারি নিয়ম কি না, তা তাঁর জানা নেই। ইজারাদারের লোকজন এ দর নির্ধারণ করে দিয়েছেন। আতাউর রহমান জানান, ছাগলের জন্য ১১০ টাকা করে খাজনা নেওয়া হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ইজারাদার বলেন, বেশি দামে হাট ডেকে নিয়ে সরকারনির্ধারিত দামে খাজনা আদায় করলে লোকসান গুণতে হবে। তাই কিছুটা বেশি নিতে তাঁরা বাধ্য হচ্ছেন।শিবগঞ্জের ইউএনও লুৎফর রহমান জানান, কোনো হাটে সরকারনির্ধারিত খাজনার চেয়ে বেশি খাজনা নেওয়া অপরাধ। এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।