কোরবানির হাটে ঝুঁকিপূর্ণ পশু শনাক্ত হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃত্রিম উপায়ে মোটাতাজা করা ঝুঁকিপূর্ণ পশু শনাক্তকরণের কোনো ব্যবস্থা নেই বরিশাল সিটি করপোরেশনসহ পুরো জেলায়। হাটগুলোতে ঘুরে প্রাণিসম্পদ বিভাগ, সিটি করপোরেশন বা সিভিল সার্জনের পক্ষ থেকে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক দেখা যায়নি।

বরিশাল সিটি করপোরেশনের হাটবাজার শাখা জানায়, নগরে মোট আটটি স্থায়ী পশুর হাট রয়েছে। এসব হাটে বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার গরু আনা হয়। কোরবানি উপলক্ষে সিটি করপোরেশন এবং প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে ঝুঁকিপূর্ণ পশু চিহ্নিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

সরেজমিনে ঘুরে নগরের রূপাতলী, টেক্সটাইল, কাগাশুরা, কালিজিরা, বাঘিয়া মহামায়ার পুল এলাকার কোরবানির পশুর হাটে ঝুঁকিপূর্ণ পশু শনাক্তকরণে কোনো উদ্যোগ দেখা যায়নি। সিটি করপোরেশন, সিভিল সার্জন, প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হওয়ার তথ্যও মেলেনি।

সিভিল সার্জন এ টি এম মিজানুর রহমান জানান, অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে ইউরিয়া, স্টোরায়েড, ওরাডেক্সন, ডেক্সামিথাসন জাতীয় ওষুধ ব্যবহার করে পশু মোটাতাজা করছে। অতি মাত্রায় ওষুধের প্রভাবে এসব পশুর দেহে চর্বি এবং পানি জমে ফুলে ওঠে। দ্রুত এর কিডনি নষ্ট হয়ে যায়। ওই সব পশুর মাংস খেলে মানুষের শরীরেও সমস্যার সৃষ্টি হবে। বিশেষ করে কিডনি, হৃদ্‌রোগ ও যকৃতের সমস্যা দেখা দেবে।

রূপাতলী বাজারে কথা হয় ক্রেতা মামুনুর রশীদের সঙ্গে। তিনি জানান, গরু দেখে তো বোঝা যাচ্ছে না এটি ঝুঁকিপূর্ণ না ঝুঁকিমুক্ত। এই হাটে গরু পরীক্ষা করার কোনো উদ্যোগ নেই। একই অভিযোগ করেন ক্রেতা মো. এনায়েত হোসেন, আমিনুল ইসলামসহ অনেকে।

কাউনিয়া এলাকার টেক্সটাইল পশুর হাটের দায়িত্বশীল এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, কৃত্রিম উপায়ে মোটাতাজা করা পশু শনাক্ত করার জন্য সিটি করপোরেশন থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। গতকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতও দেখা যায়নি।

বাঘিয়া পশুর হাটের ব্যবস্থাপক কাজী মনিরুল ইসলাম জানান, প্রাণিসম্পদ বিভাগ থেকে একজন এসে ঘুরে গেছেন। তবে তাঁদের কাছে পরীক্ষা করার কোনো কিছু দেখা যায়নি।

সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, সিটি করপোরেশন এবং উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে দুটি দল গঠন করা হয়েছে। একটি নগরের উত্তরাঞ্চল এবং অন্যটি দক্ষিণাঞ্চলে কাজ করছে।

নগরের কাশিপুর বাজারে চুয়াডাঙ্গা থেকে পশু নিয়ে আসছেন ব্যবসায়ী মো. সেলিম নাজির। তিনি জানান, এই হাটে ঝুঁকিপূর্ণ পশু চিহ্নিতকরণে কোনো উদ্যোগ দেখা যায়নি। তিনি আরও জানান, কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ করা গরু ৪০ থেকে ৬০ দিনের মধ্যে বিক্রি করতে হয়। তা না হলে ওই পশু মারা যাওয়ার আশঙ্কা থাকে। সেই কারণে মূল ব্যবসায়ীরা ওই পশু ক্রয়-বিক্রয় করে না। তবে হাটগুলোতে পরীক্ষার ব্যবস্থা থাকলে ভালো হয়।

সিভিল সার্জন এ টি এম মিজানুর রহমান বলেন, আমাদের চিকিৎসকদের নির্দেশ দেওয়া আছে। তবে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা রয়েছে। কিন্তু জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত চিকিৎসক চাওয়া হয়নি।

জেলা প্রশাসক মো. শহীদুল আলম বলেন, সদর উপজেলাসহ অন্যান্য উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য দল তৈরি করে দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ পশু শনাক্তকরণে সিভিল সার্জনের উদ্যোগে কাজ করার কথা। তারা চাইলেই ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন। মূল কাজ তো সিভিল সার্জন ও প্রাণিসম্পদ বিভাগের।