কোরাম ছাড়াই সিন্ডিকেট বৈঠক, দরপত্র অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ১২ জন। এর মধ্যে কমপক্ষে সাতজন উপস্থিত থাকলে কোরাম পূরণ হয়। কিন্তু গত সোমবার সিন্ডিকেটের বৈঠকে উপস্থিত ছিলেন মাত্র তিনজন সদস্য। বৈঠকে কম্পিউটার ল্যাব তৈরির দরপত্র অনুমোদন এবং শিক্ষার্থীদের বেঞ্চ কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।গতকাল বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেটের সভাপতি অধ্যাপক আমির হোসেন খানের সভাপতিত্বে তাঁর দপ্তরে ওই বৈঠকে কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র সেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামাল উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘এটি সিন্ডিকেটের বিশেষ বৈঠক। কোরাম পূরণের জন্য কমপক্ষে সাতজন সদস্য উপস্থিত থাকতে হয়। আমরা মাত্র তিনজন উপস্থিত ছিলাম। তবে বাকি নয়জন সদস্যের মধ্যে চারজনের মৌখিক মতামত নিয়ে আমরা বৈঠক করি। তাঁরা হলেন অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, শিল্পী হাশেম খান, অধ্যাপক আবুল হাশেম এবং অধ্যাপক এইচ কে এস আরেফিন। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত পরে তাঁদের কাছ থেকে অনুমোদন করিয়ে নেওয়া হবে। বৈঠকে কম্পিউটার ল্যাব স্থাপন ও আসবাবপত্র কেনার ব্যাপারে কথা হয়।’সিন্ডিকেট সদস্য আব্দুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘এভাবে কোনো সিন্ডিকেট বৈঠক হতে পারে না। আমি কোনো মতামত দিইনি।’ আরেক সিন্ডিকেট সদস্য এইচ কে এস আরেফিন বলেন, ‘সিন্ডিকেটে উপস্থিত না থেকে কোনো সিদ্ধান্তকে সই দিয়ে অনুমোদন দেব, এটা হতে পারে না।’উপাচার্য অধ্যাপক আমির হোসেন বলেন, ‘সিন্ডিকেটের বৈঠক হয়েছে। এতে কতজন সদস্য উপস্থিত ছিলেন তার সংখ্যা জানাটা জরুরি কিছু কি? এটা আমি বলব না।’ কী নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কেও তিনি কোনো মন্তব্য করেননি।