পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের সভা ও বিচারিক কার্যক্রম আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। কোরাম পূর্ণ না হওয়ায় কমিশনের চেয়ারম্যান গতকাল মঙ্গলবার এই মুলতবির ঘোষণা দেন। খাগড়াছড়ি শহরে অবস্থিত পার্বত্য ভূমি কমিশন কার্যালয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এই শুনানি ও সভার সময় ধার্য ছিল।শুনানির জন্য ভূমি কমিশনের চেয়ারম্যান একতরফাভাবে বিজ্ঞপ্তি জারি করায় প্রতিবাদ জানিয়েছে নির্বাচিত জুম্ম প্রতিনিধি সংসদ। এ ছাড়া ওই শুনানি বন্ধের দাবিতে সংগঠনটি খাগড়াছড়ি সদরে গতকাল মানববন্ধন করেছে। নির্ধারিত শুনানি কার্যক্রম স্থগিত করার আগে পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী সংশ্লিষ্ট আইনের ব্যাখ্যা দিয়ে বলেন, কমিশনের সভা ও বিচারিক কার্যক্রমের জন্য চেয়ারম্যানসহ কমপক্ষে তিনজনের উপস্থিতি প্রয়োজন। কিন্তু বর্তমানে উপস্থিত আছেন মাত্র দুজন। খাদেমুল ইসলাম চৌধুরী পরে সাংবাদিকদের বলেন, ন্যায়বিচারের স্বার্থে বিচারিক কার্যক্রমসহ ভূমি কমিশনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। এ ক্ষেত্রে আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদের সহযোগিতা প্রয়োজন। আইন সংশোধনের নামে কমিশনের কার্যক্রম বন্ধ রাখা অসংগত ও ন্যায়বিচারের পরিপন্থী।কমিশন সূত্র জানায়, জেলাভেদে কমিশনের সদস্যসংখ্যা পাঁচ। ওই সদস্যরা হলেন কমিশনের চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান অথবা তাঁর প্রতিনিধি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অথবা তাঁর সদস্য, সংশ্লিষ্ট পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সার্কেলের প্রধান (রাজা)।চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, আইন সংশোধনের জন্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও সার্কেল-প্রধানদের পক্ষ থেকে সরকারের কাছে যে সুপারিশ করা হয়েছে, তার মধ্যে কোরামের বিষয়টিও রয়েছে। তিনজনকে নিয়ে কমিশনের কোরাম পূর্ণ হওয়ার বিষয়ে তাঁদের দ্বিমত রয়েছে। এ ছাড়া, কমিশনের সদস্যদের মধ্যে দ্বিমত দেখা দিলে চেয়ারম্যানের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে আইনে যে ধারা রয়েছে, সেটাও গ্রহণযোগ্য নয়।