কোরামের অভাবে সংসদ মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরাম সংকটের কারণে গতকাল বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে সংসদের অধিবেশন মুলতবি হয়ে যায়। রাত নয়টার কয়েক মিনিট আগে জাতীয় পার্টির মুজিবুল হক পয়েন্ট অব অর্ডারে কোরাম সংকটের বিষয়টি উত্থাপন করেন। সংসদে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার শওকত আলী বিষয়টি আমলে নিয়ে কোরাম পূরণের জন্য ৫ মিনিট ঘণ্টা বাজান। এর পরও কোরাম (৬০ জন) পূরণ না হওয়ায় সংসদের বৈঠক মুলতবি করা হয়। নবম জাতীয় সংসদে এভাবে কোরামের অভাবে অধিবেশন বন্ধ হয়ে যাওয়ার ঘটনা এই প্রথম। ডেপুটি স্পিকার শওকত আলী ঘটনাটিকে দুঃখজনক আখ্যায়িত করে বলেন, ‘কোরামের অভাবে সংসদের বৈঠক মুলতবি করতে হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে না বলে আশা করি।’ পরে সংসদের অধিবেশন আগামী রোববার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।এ সময় সংসদকক্ষের প্রথম সারির ২৯টি আসনের মধ্যে প্রধানমন্ত্রীসহ সবাই অনুপস্থিত ছিলেন। সাতজন হুইপের মধ্যে উপস্থিত ছিলেন শুধু আবদুল ওয়াহাব ও মুজিবুল হক। বিরোধী দল বিএনপি বিভিন্ন দাবি তুলে গত বছরের ৩ জুন থেকে টানা সংসদ অধিবেশন বর্জন করছে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের আসনসংখ্যাই ২৬২।