কোরিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ায় ছয় দিনের সরকারি সফরে গতকাল শনিবার সিউলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে একটি থাই বিমান গতকাল বেলা একটা ৫০ মিনিটে হজরত শাহ জালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। খবর বাসসের।দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল যাওয়ার পথে শেখ হাসিনা গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ছয় ঘণ্টার যাত্রাবিরতি করেন। আজ ১৬ মে রোববার স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টায় তাঁর সিউল পৌঁছার কথা। প্রধানমন্ত্রী ১৭ মে সিউলে অনুষ্ঠেয় জাতিসংঘ এশিয়া ও প্রশান্ত সাগরীয় অঞ্চলবিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) ৬৬তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। শেখ হাসিনা ১৮ মে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং-বাকের সঙ্গে বৈঠক করবেন এবং প্রেসিডেন্টের দেওয়া মধ্যাহ্ন ভোজসভায় অংশ নেবেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সহায়তা-সংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। শেখ হাসিনা কোরিয়া সফর শেষে ১৮ মে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবেন। তিনি ১৯ মে সেখানে ষষ্ঠ ইসলামিক অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব বিন রাজাকের সঙ্গে বৈঠক করবেন। তিনি ১৯ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আয়োজিত মধ্যাহ্ন ও নৈশভোজে যোগ দেবেন। একই দিন ইসলামি অর্থনৈতিক ফোরামের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি মালয়েশীয় বিনিয়োগকারী ও মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটির সঙ্গে পৃথক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী ২১ মে ঢাকা এসে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।