কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমনের আহ্বান বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বাড়ানোর মতো কোনো পদক্ষেপ না নিতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগ জানিয়ে এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানিয়েছে। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিটি প্রচার করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭১৮, ১৮৭৪, ২০৮৭ ও ২০৯৪ নম্বর প্রস্তাব এবং পরমাণু বিস্তাররোধ ব্যবস্থার লঙ্ঘন। সমন্বিত পরমাণু পরীক্ষা নিষিদ্ধ চুক্তি (সিটিবিটি) ও (পারমাণবিক অস্ত্রের) বিস্তার রোধ চুক্তির (এনপিটি) রাষ্ট্রীয় পক্ষ হিসেবে বাংলাদেশ পারমাণবিক অস্ত্রের বিস্তাররোধ ও নিরস্ত্রীকরণে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ বিশ্বাস করে, উত্তর কোরিয়ার পরিচালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা ওই অঞ্চল ও তার সীমানা ছাড়িয়ে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থবিরোধী।