কোরীয় নাগরিক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে রেস্তোরাঁ ব্যবসায়ী এক কোরীয় নাগরিককে হত্যার দায়ে ওই রেস্তোরাঁর পরিচ্ছন্নতাকর্মী মানিক সরকারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার এই মামলার রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত মানিক সরকার এই মামলার একমাত্র আসামি। রায় ঘোষণার আগে মানিক সরকারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। নিহত নারী ও তাঁর স্বামীর পরিচালিত ওই রেস্তোরাঁর নাম আরিয়ান কোরিয়ান।
রায়ে বলা হয়, আসামি মানিক সরকার নিহত কোরীয় নাগরিক রো জং সিয়ংয়ের রেস্তোরাঁর পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। রো জং সিয়ংয়ের মেয়ে আসামির সঙ্গে খারাপ আচরণ করতেন। বেতন-ভাতা এবং সুযোগ-সুবিধা ঠিকমতো দিতেন না, মারধরও করতেন। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। এই বিরোধের জের ধরে আসামি হত্যাকাণ্ড ঘটান। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। রায়ে আরও বলা হয়, আসামির গ্রেপ্তারের তারিখ থেকে সাজার মেয়াদ শুরু হবে।
সংশ্লিষ্ট সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ২০১১ সালের ৯ নভেম্বর কোরীয় নাগরিক রো জং সিয়ংকে (৬৯) ধারালো চাকু দিয়ে আঘাত করা হয়। তাঁকে উন্নত চিকিৎসার জন্য কোরিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে ওই বছরের ১৭ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।