কোর্ট ফি কমল: সেপ্টেম্বর থেকেই কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র মানুষের সুবিধার জন্য কোর্ট ফি কমিয়েছে সরকার। গত ১ সেপ্টেম্বর থেকেই নতুন এ কোর্ট ফি কার্যকর করা হবে।অর্থসংক্রান্ত মামলা বা পাওনা টাকা আদায়ে মামলা দায়েরের জন্য কোর্ট ফি নির্ধারণ করা হয়েছিল মোট দাবি করা টাকার ১৫ শতাংশ হারে। এটি এখন কমিয়ে আড়াই শতাংশ করা হয়েছে, তবে তা সর্বোচ্চ ৫০ হাজার টাকার বেশি হবে না।জমিসংক্রান্ত মামলায় আগে কোর্ট ফি ছিল ১০ শতাংশ হারে। সেটা কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। তবে তা সর্বোচ্চ ৪০ হাজার টাকার বেশি হবে না।এ ছাড়া কাস্টমস বা এক্সাইজ বিভাগের কোনো কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করার জন্য কোর্ট ফি ধরা হয়েছিল ২০০ টাকা। এখন তা কমিয়ে ২০ টাকা করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার আইনমন্ত্রী শফিক আহমেদ তাঁর মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, কোর্ট ফি অ্যাক্ট ১৮৭০ অনুযায়ী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আইনমন্ত্রী বলেন, আগেরবার কোর্ট ফি বাড়ানোর সময় কয়েকটি ক্ষেত্রে এ হার বেশি হয়ে গিয়েছিল। এখন তা আবার সংশোধন করা হয়েছে। নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করেই এটা করা হয়েছে। প্রসঙ্গত, মাস দুয়েক আগে সব ধরনের কোর্ট ফি বাড়িয়ে তা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করার ঘোষণা দেয় সরকার। সরকারের এ ঘোষণার পর কোর্ট ফি কমানো না হলে আন্দোলনের হুমকি দেন আইনজীবীরা। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতি আনুষ্ঠানিকভাবে নতুন কোর্ট ফি বৃদ্ধির হারকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে তা প্রত্যাহারের আবেদন জানায়। তা না হলে আন্দোলনের ডাক দেওয়ার হুমকিও দেয় তারা।আইনজীবীদের আন্দোলনের হুমকির মুখে কোর্ট ফি কমানো হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘কোর্ট ফি কমানোর এ সিদ্ধান্ত আমাদের আগের। ১৫ ও ১০ শতাংশ হারে কোর্ট ফি নেওয়া হলে স্বল্প সম্পদের লোকেরা মামলার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, ফি খুব একটা বাড়েনি জেনেও আইনজীবীরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যে কারণে কোনো কোনো ক্ষেত্রে ফি কমানো হয়েছে।সাধারণ ঘোষণামূলক মোকদ্দমায় প্রতি ঘোষণায় কোর্ট ফি ২০০ থেকে ৩০০ টাকা, রেভিনিউ অফিসের দরখাস্তের কোর্ট ফি চার থেকে ২০০ টাকা (বর্তমানে ২০ টাকা), আপিলের কোর্ট ফি ২০ থেকে ১০০ টাকা, ফৌজদারি আদালতের দরখাস্ত পাঁচ থেকে ১০ টাকা, সিভিল আদালতের আরজি পাঁচ থেকে ১০ টাকা, মেমো অব আপিল পাঁচ থেকে ৫০ টাকা, বেল বন্ড ১০ থেকে ২৫ টাকা, বিবাহ বিচ্ছেদ এবং দাম্পত্য জীবন পুনরুদ্ধার ২০ থেকে ২০০ টাকা, ওকালতনামা ১০ থেকে ৩০ টাকা, সরকারি অফিসের রেভিনিউ ২০ থেকে ২০০ টাকা, দেওয়ানি রাজস্ব আদালতের আদেশ পরিবর্তন ১০০ থেকে ২০০ টাকা এবং পারিবারিক মামলা ৬০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়।