কোর্ট ফি বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি আইনজীবীদের
আদালতে মামলা দায়েরের জন্য কোর্ট ফি বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ২৭ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত বাতিল করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। কোর্ট ফি বাড়ানোর প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে সমিতির হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, কোর্ট ফি সংশোধন অ্যাক্ট-২০১০-এর মাধ্যমে ১ সেপ্টেম্বর থেকে আদালতে মামলা দায়েরে কোর্ট ফির পরিমাণ অস্বাভাবাবিক হারে বাড়ানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এর পরিমাণ ২৫ থেকে ৫০ গুণ। মাহবুব হোসেন বলেন, দেশের মানুষ বর্তমানে চরম অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়াসহ জীবনযাত্রার সব ক্ষেত্রে ব্যয় বাড়ছে। এ অবস্থায় অস্বাভাবিক হারে কোর্ট ফি বাড়ানোর অর্থ দেশের মানুষকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা। ১৯৯৫ সালে তৎকালীন সরকার কোর্ট ফি বাড়ানোর চেষ্টা করে। কিন্তু আইনজীবীদের প্রতিবাদের মুখে তা বাতিল করা হয়। সমিতির সভাপতি বলেন, ‘আমরা মনে করি সরকার বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ফি বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করবে। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে এই সিদ্ধান্ত বাতিল না করা হলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ সব জেলা আইনজীবী সমিতি ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’ সংবাদ সম্মেলনে বলা হয়, আগে আইন অনুযায়ী নির্দিষ্ট হারে ফৌজদারি, দেওয়ানি, পারিবারিক, উত্তরাধিকার, ক্ষতিপূরণ, অর্থ মামলাসহ বিভিন্ন মামলা পরিচালনার জন্য কোর্ট ফি দিতে হতো। বর্তমান ফির সংশোধিত আইন অনুযায়ী মামলা দায়েরের কোর্ট ফির পরিমাণ কোনো নির্দিষ্ট হারে না রেখে শতকরা হারে নির্দিষ্ট করা হয়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত বিচারপ্রার্থীদের পক্ষে ন্যায়বিচারের জন্য আদালতে মামলা করা অসম্ভব হয়ে পড়ছে। দেশের বিচারব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী রফিকুল ইসলাম মিয়া, সাবেক সম্পাদক জয়নুল আবেদিন, সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা, মোর্শেদ আল মামুন ও কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।