কোর্স ক্রেডিট কমানোর প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোর্স ক্রেডিট কমানোর প্রতিবাদে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা গতকাল সোমবার ক্যাম্পাসে মানববন্ধন শেষে শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন। ক্রেডিট কমানোর ফলে উচ্চশিক্ষা গ্রহণে সমস্যা হবে না—বিভাগীয় প্রধানের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা জানান, আগে তাঁদের বিভাগে মোট কোর্স ক্রেডিট ছিল ১৫২ দশমিক ২৫। কিন্তু চলতি শিক্ষাবর্ষে তা কমিয়ে ১৪৬ ক্রেডিট করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁরা বলেন, পাঠ্যক্রম ঠিক থাকলেও কোর্স ক্রেডিট কমে গেছে। এতে উচ্চশিক্ষা, বিদেশ গমন ও অন্যান্য ক্ষেত্রে সমস্যা সৃষ্টির আশঙ্কা রয়েছে। গত ২৬ জুন থেকে শিক্ষার্থীদের কোর্স নিবন্ধন শুরু হয়। কিন্তু ক্রেডিট কমিয়ে দেওয়ায় তাঁরা নিবন্ধন না করে গতকাল আন্দোলনে নামেন। সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের বৈঠক হয়। এতে শিক্ষকেরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে কোনো সমস্যা হবে না—এমন আশ্বাস দেন।এ ব্যাপারে যোগাযোগ করা হলে যন্ত্রকৌশল বিভাগের প্রধান মোহাম্মদ আবদুল হান্নান মিয়া প্রথম আলোকে জানান, ‘বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য কোর্স ক্রেডিট কমানোর সিদ্ধান্ত হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আমরা তাঁদের সঙ্গে কথা বলায় সমস্যা মিটে গেছে।’