কোর্স নেই, শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক নিয়োগে আলাদা কমিশন গঠনে আইন হচ্ছে—এমন খববে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ ৪০ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এতে সম্মান কোর্সের জন্য শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। অথচ কলেজের সম্মান কোর্স চালুর জন্য মন্ত্রণালয়ে আবেদনই করা হয়নি। অভিযোগ রয়েছে, নিয়োগের বিনিময়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেই এ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগে পৃথক একটি কমিশন গঠনে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে—এমন খবর সম্প্রতি প্রথম আলোসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এর পরই বাগমারায় প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা পর্ষদ এ সংক্রান্ত পরিপত্র জারি হওয়ার আগেই নিয়োগ-প্রক্রিয়া শেষ করতে জোর তৎপরতা শুরু করে। সম্প্রতি রাজশাহী থেকে প্রকাশিত কয়েকটি দৈনিকে উপজেলার অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উপজেলার তাহেরপুর ডিগ্রি কলেজে ৬৫ জন প্রভাষক ও চারজন কর্মচারী নিয়োগের জন্য ২৬ এপ্রিল একটি জাতীয় ও রাজশাহীর স্থানীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে শূন্যপদ ছয়টি ও ৫৯টি পদ নতুন করে সৃষ্টি করা হয়েছে। ৪০ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ছাপা হয়েছে সম্মান বিষয়ে পাঠদানের জন্য। অথচ সম্মান শ্রেণী চালুর জন্য আদৌ কোনো আবেদন করা হয়নি। তাহেরপুর কলেজের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, কলেজে বর্তমানে ৪২ জন শিক্ষক-কর্মচারীরই বসার যথেষ্ট জায়গা নেই। অধ্যক্ষ শিবনাথ সরকার বলেন, সম্মান কোর্স চালুর কোনো আবেদন তাঁরা করেননি। নিয়ম ভেঙে এতগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তবে প্রতিষ্ঠানের সভাপতির নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন অধ্যক্ষ। দেশের বাইরে থাকায় প্রতিষ্ঠানের সভাপতি ও স্থানীয় সাংসদ এনামুল হকের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম অভিযোগ করেন, ‘ডোনেশনের’ মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিধিবদ্ধ নীতিমালা এখন পর্যন্ত নেই। আগে শিক্ষক নিয়োগ দিয়ে পরে অনুমতি নেওয়ার জন্য এ কাজ করা হচ্ছে বলে মনে হচ্ছে। এভাবে দ্রুত নিয়োগ দেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।অবসরপ্রাপ্ত শিক্ষক নূরুল ইসলাম জানান, এভাবে দ্রুত নিয়োগ দেওয়া হলে যোগ্য শিক্ষক পাওয়া যাবে না। বিষয় মঞ্জুরি না হলে নিয়োগ পেয়েও তারা বেতন পাবে না।