কোর্স শেষেও মিলছে না সনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোর্স শেষেও সনদ পাচ্ছেন না সন্ধ্যাকালীন এক্সিকিউটিভ মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ) কোর্সের শিক্ষার্থীরা। ব্যবসায় শিক্ষা অনুষদে ডিন নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতার কারণে শিক্ষার্থীদের সনদ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষকেরা। এ ছাড়া কোন পদ্ধতিতে শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ২০১১ সালের সেপ্টেম্বরে সন্ধ্যাকালীন ইএমবিএতে প্রথম ব্যাচের শিক্ষার্থী ভর্তি করা হয়। গত বছরের ডিসেম্বরে ওই ব্যাচের কোর্স শেষ হয়েছে। মে মাসে দ্বিতীয় ব্যাচের কোর্স শেষ হয়। গত অক্টোবর পর্যন্ত তৃতীয় ব্যাচের অধিকাংশ শিক্ষার্থীর কোর্স শেষ হয়েছে। কিন্তু কেউ কোনো সনদ পাননি।
ইএমবিএ কোর্সের শিক্ষার্থীরা জানান, তাঁদের অধিকাংশই কোনো না কোনো পেশার সঙ্গে যুক্ত। মূলত চাকরিতে পদোন্নতি ও ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে এই কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তাঁরা কোর্সে ভর্তি হয়েছিলেন। কিন্তু কোর্স শেষ করেও যথাসময়ে সনদ না পাওয়ায় নিজ নিজ পেশায় বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।
ইএমবিএর প্রথম ব্যাচের শিক্ষার্থী রায়মা সুলতানা ও দ্বিতীয় ব্যাচের হাসান আহমেদ বলেন, ‘গত মে মাসে কোর্স শেষ করেও সনদ না পাওয়ায় অনেক চাকরিতে আবেদন করতে পারছি না।’
তবে অনুষদের প্রশাসনিক কর্মকর্তারা জানান, প্রথম ব্যাচের পরীক্ষার ফলাফল মৌখিকভাবে শিক্ষার্থীদের জানানো হচ্ছে। ডিন না থাকায় শিক্ষার্থীদের সনদ দেওয়া সম্ভব হচ্ছে না। আপাতত শিক্ষার্থীদের প্রত্যয়নপত্র দেওয়া হচ্ছে।
ডিন নিয়ে জটিলতা: গত ১৯ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন অনুষদের ডিন অধ্যাপক কামরুল আরেফিন। এরপর ৭ সেপ্টেম্বর অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয় সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম এ মতিনকে। কিন্তু সহ-উপাচার্যের দায়িত্বে থেকে কোনো অনুষদের ডিনের দায়িত্ব পালন করা বিশ্ববিদ্যালয় অ্যাক্টের বিরোধী বলে অভিযোগ করে শিক্ষক ফোরাম। তারা এ নিয়োগের বিরোধিতা করে ৯ সেপ্টেম্বর প্রতিবাদ সভা করে। এরপর ৩০ সেপ্টেম্বর অর্থনীতি বিভাগের অধ্যাপক আবদুল বায়েসকে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন নিয়োগ দেওয়া হয়। কিন্তু ডিন নিয়োগ বাতিলের দাবিতে শিক্ষক ফোরাম রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রারকে আট দিন নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে। এমন পরিস্থিতিতে উপাচার্য ওই নিয়োগ স্থগিত করেন।
শিক্ষকেরা যা বলেন: ইএমবিএ কোর্স পরিচালনার জন্য গঠিত সমন্বয় কমিটির সদস্য এবং ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের সভাপতি মো. তরিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোর্স প্রথম চালু করা হয়েছে। তাই কিছু সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে। তবে ডিন না থাকাটাই মূল সমস্যা।
আন্দোলনকারী শিক্ষকদের কারণে ডিন নিয়োগ থেমে আছে বলে জানিয়েছেন উপাচার্য মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, আন্দোলন প্রত্যাহার করা হলে বিশ্ববিদ্যালয় পরিচালনার স্বার্থে খুব দ্রুত ওই অনুষদে ডিন নিয়োগ দেওয়া হবে।