কোলজুড়ে চার ‘ফুল’
বারান্দায় দর্শনার্থীদের ভিড়। সবার চোখে-মুখে উৎসুক ভাব। ভেতরে যাওয়ার সুযোগ পাচ্ছিলেন না। তাই জানালায় উঁকি মেরে একনজর দেখছিলেন। গত রোববারের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বাইরের দৃশ্য এটি। ভিড়ের কারণ—এক মায়ের গর্ভে চার সন্তানের জন্মলাভ। গত শুক্রবার তাদের জন্ম হয়েছে।এক মায়ের কোলজুড়ে এই চার ‘ফুল’ নিয়ে এ রকম সন্তুষ্টি শুধু পারিবারিক নয়, হাসপাতালের গাইনি ও শিশু বিভাগের চিকিৎসকদের মধ্যেও স্বস্তি দেখা গেছে। চার সন্তানের স্বাভাবিক প্রসব হওয়া এবং মা ও সন্তানেরা সুস্থ থাকায় চিকিৎসকেরা এটিকে এক ধরনের সাফল্য বলে অভিহিত করছেন।হাসপাতালের গাইনি বিভাগ সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের শেরপুরের বাসিন্দা প্রসূতি কুলসুমা খাতুন (২৫) হাসপাতালের গাইনি বিভাগে গত ১৩ নভেম্বর ভর্তি হন। গাইনি বিভাগের চিকিৎসক দিলীপ কুমার ভৌমিকের নেতৃত্বে চার সদস্যের চিকিৎসক দলের পর্যবেক্ষণে শুক্রবার সকাল নয়টায় কুলসুমার প্রথম সন্তান প্রসব হয়। এর প্রায় ১৫ মিনিট পর দ্বিতীয় সন্তান এবং পরে ১০ মিনিটের মধ্যে আরও দুই সন্তান ভূমিষ্ঠ হয়। চার সন্তান সুস্থ থাকলেও তাদের ওজন স্বাভাবিক নয়। নবজাতকের স্বাভাবিক ওজন আড়াই কেজি হলেও কুলসুমার সন্তানদের ওজন যথাক্রমে ১ দশমিক ৫ থেকে ১ দশমিক ১ কেজি।দিলীপ কুমার ভৌমিক জানান, চার সন্তানের ঘটনা পৃথিবীতে ৭০ হাজারের মধ্যে একটি থাকার সম্ভাবনা থাকে। এদের ৯৯ শতাংশই নির্ধারিত সময়ের আগে অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে জন্মগ্রহণ হয়। ব্যতিক্রম হয়েছে কুলসুমার।’কুলসুমার স্বামী রেফুল মিয়া (৩২) পেশায় কৃষি ট্রাক্টরচালক। তাঁদের পাঁচ বছর বয়সী এক ছেলে ও দুই বছর বয়সী মেয়ে রয়েছে। এখন আরও চার সন্তান—প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো সামান্য আয়ে সংসার চালাই। যে সময় থাকি জানতে পারি যে আরও চার সন্তান, তখন থাকি তারার (স্ত্রী-অনাগত সন্তান) বাঁচা-মরা নিয়ে বড় চিন্তাত আছলাম। আল্লায় চিন্তামুক্ত করলা!’