কোলজুড়ে তিন সন্তান মুখে দুশ্চিন্তার ছাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ জুলাই ২০১০। এ দিন বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজারের একটি ক্লিনিকে গৃহবধূ সালমা বেগমের কোলজুড়ে আসে তিনটি সন্তান। আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তিন সন্তানের নাম রাখা হয় আফসানা, সাবিনা ও মান্নান। সালমার স্বামী আবু হানিফ পেশায় দিনমজুর। এই দম্পতির বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের খালকুলা গ্রামে।ক্লিনিক কর্তৃপক্ষ বিলের কিছু অর্থ মাফ করে দেয়। বাকিটা পরিশোধ করে তিন সন্তান আর অসুস্থ শরীর নিয়ে ঘরে ফেরেন সালমা। বড় ছেলে হান্নান (৬) আর যমজ শিশুদের নিয়ে হানিফ-সালমা দম্পতি এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। তিন শিশুর জন্য খাদ্য আর ওষুধ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তাঁরা। এর মধ্যে শিশুদের জ্বর, কাশি, পাতলা পায়খানা তো লেগেই আছে। তাঁদের বাবা-মায়ের মুখে এখন দুশ্চিন্তার ছাপ। বাঁচিয়ে বড় করতে পারবেন তো আদরের ধনদের! আবু হানিফ আক্ষেপ করে বলেন, ‘আল্লায় আমারে কেন একসঙ্গে তিনডা বাচ্চা দিল, আমি এখন কীভাবে ওদের বাঁচামু।’ গত শনিবার সরেজমিন সালমাদের বাড়িতে গিয়ে দেখা যায়, কাঁচাঘরের মেঝেতে কাঁথা পেঁচিয়ে শুইয়ে রাখা হয়েছে তিন শিশুকে। সালমা জানান, তিন শিশুর জন্য তাঁর বুকের দুধ পর্যাপ্ত নয়। চালের গুঁড়ো আর সুজির হালুয়া করে খাওয়াচ্ছেন।সালমার শরীরে অস্ত্রোপচারের মাধ্যমে তিন শিশুকে পৃথিবীর আলোয় আনেন বাধাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনাস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডা. সনজিত কুমার মণ্ডল। তিনি গত রোববার মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, ‘সালমার অপুষ্টিজনিত সমস্যা ছিল। বাচ্চা তিনটিও জন্ম নেয় কম ওজন নিয়ে। আর্থিক অসচ্ছলতার কারণে ওরা ক্লিনিকের সমুদয় ব্যয় পরিশোধ করতে পারেনি। মানবিক কারণে আমরা ওদের সহযোগিতা করেছি।’দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কেরামত আলী খান জানান, প্রতিবেশীরা ওই দম্পতিকে মাঝেমধ্যে সাহায্য করছে। কিন্তু তা অপ্রতুল। শিশু তিনটিকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে সহযোগিতার হাত বাড়ানোর জন্য তিনি সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানান।