কোলাহলমুখর বিয়েবাড়িতে হঠাত্ শুরু হলো মাতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িটিতে গত বুধবার রাতেও ছিল আত্মীয়-স্বজন, পাড়াপড়শির কোলাহল। রাতভর চলেছে গায়েহলুদের অনুষ্ঠান, নাচানাচি, গানবাজনা, আনন্দ। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে বদলে গেল সবকিছু। গতকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে সেখানে আনন্দ উবে গিয়ে শুরু হয় বুক চাপড়ে কান্না, মাতম। বাড়ির আঙিনায় তখন যে সারি করে রাখা হয়েছে শিশু, মহিলাসহ নয়জনের লাশ। লাশ আসার আগেই বিয়ে উপলক্ষে করা গেট ও মেয়ে সাজানোর মঞ্চ ভেঙে ফেলা হয়।গ্রামে এত খাটিয়া পাওয়া গেল না। তাই মাদুর বিছিয়ে লাশ রেখে বাড়ির আঙিনায় রাখা হয়। রাতে তাদের চারজনের লাশ জানাজা শেষে দাফন করা হয় চট্টগ্রামের মিরসরাই উপজেলার পশ্চিম মালিয়াইশ গ্রামের মিজ্জি বাড়ির কবরস্থানে। ওই গ্রামটি চট্টগ্রাম নগর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে। পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, মিজ্জি বাড়ির হাফেজ নুরুল হুদার মেয়ে সানজিদা আক্তার ওরফে সানজুর (২০) সঙ্গে একই উপজেলার জোরারগঞ্জের দুবাইপ্রবাসী হায়দার হোসেনের বিয়ের দিন ছিল গতকাল দুপুরে। বিয়ের অনুষ্ঠান ছিল বাড়ি থেকে তিন কিলোমিটার দূরের বড়তাকিয়া আফরোজা গার্ডেনে। সানজুর নিকটাত্মীয়দের মধ্যে ১৮-২০ জন মহিলা ও শিশু একটি মাইক্রোবাসে (চট্ট মেট্রো-চ-১১৪৫৫৯) চড়ে যাচ্ছিল সেই বিয়ের অনুষ্ঠানে। কিন্তু বাড়ি থেকে কয়েক শ গজ দূরে তিনগড়িয়াতলার মোড়ে দুপুর ১২টার দিকে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। এতে মাইক্রোবাসের নয়জন আরোহী নিহত এবং পাঁচ-ছয়জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে তিনজনকে প্রথমে মিরসরাইয়ের একটি বেসরকারি ক্লিনিকে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।জানা যায়, মাইক্রোবাসটি প্রায় দুই ঘণ্টা ডুবে ছিল। পরে সেটি উদ্ধার করা হলে লোকজন তাতে অগ্নিসংযোগ করে।বিকেলে কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই ওই কমিউনিটি সেন্টারে সানজুকে নিয়ে গিয়ে দ্রুত আকদ সম্পন্ন করা হয়। পরে তাঁকে বরের সঙ্গে শ্বশুর বাড়িতে পাঠানো হয়। ওই মাইক্রোবাসের বেঁচে যাওয়া শিশু, কিশোর ও মহিলা এবং পুলিশের সঙ্গে আলাপ করে জানা যায়, চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে। এ ছাড়া সর্বোচ্চ ১৬ জন ধারণক্ষমতার মাইক্রোবাসে ওঠানো হয়েছিল শিশু-মহিলাসহ ২০-২২ জন। ভেতরে ঠাসাঠাসি করে থাকায় দুর্ঘটনার পর সবার পক্ষে মাইক্রোবাস থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি। নিহতরা হলো প্রবাসী মফিজ উদ্দিনের কন্যা পারুল আক্তার (১০), শাহ আলম মাষ্টারের মেয়ে শাহীন সুলতানা (১৪), মধ্যপ্রাচ্যপ্রবাসী সালামত উল্লাহর স্ত্রী আনোয়ারা বেগম (৪০), কন্যা তাহমিনা আক্তার (১৫) এবং ছেলে শরীফ (৮), জালাল আহমদের স্ত্রী নূর জাহান (৪০) ও ছোট ছেলে কামরুল হাসান ওরফে শাহেদ (৮), প্রতিবেশী সিরাজুল ইসলামের স্ত্রী লায়লা বেগম (৩৫), জসিম উদ্দিনের ছেলে তানভির আহমদ (৪)। আহতদের মধ্যে হাসপাতালে যে তিনজনকে ভর্তি করা হয়েছে তারা হলো সিরাজুল ইসলামের দুই মেয়ে হামিদা আক্তার (১৫) ও প্রমি এবং জাকির হোসেন (২৫) নামের এক যুবক। জাকির গাড়ির চালক হতে পারেন বলে পুলিশ সন্দেহ করছে। বিকেলে ওই বাড়িতে গিয়ে দেখা যায় মাতম। স্ত্রী ও ছোট ছেলের লাশ সামনে রেখে আহাজারি করছিলেন জালাল আহমেদ। বড় ছেলে শাখাওয়াত হোসেনকে (১১) বুকে চেপে ধরে তিনি বলেন, ‘আমার এই ছেলেও মাইক্রোতে ছিল। আল্লাহ তাকে আমার বুকে ফেরত দিয়েছে।’ ঘটনার আকস্মিকতায় নির্বাক শাখাওয়াত। সারি করে রাখা মা, ছোট ভাই আর বড় বোনের লাশের পাশে বারবার আছড়ে পড়ে আহাজারি করছিল মর্জিনা বেগম (১৪)। সে বলে, ‘আমিও ছিলাম মাইক্রোবাসে, ডুবে গিয়ে প্রথমে অনেক পানি খেয়েছি। তারপর জানালা ভেঙে আমাকে কে উদ্ধার করে আনল, তার কিছুই বলতে পারব না।’