কোলে চড়ে নয় পায়ে হেঁটে ক্ষমতায় যাবে বিএনপি: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কারও দয়ায় বা কোলে চড়ে নয়, জনসমর্থন নিয়ে নিজেদের শক্ত পায়ে হেঁটে হেঁটে ক্ষমতায় যাবে। তিনি বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি (লেভেল প্লেয়িং ফিল্ড) করতে বিএনপি নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘কারাবরণ দিবস’ উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।তত্ত্বাবধায়ক সরকার কি বিএনপিকে কোলে তুলে ক্ষমতায় বসিয়ে দেবে, ৭ মার্চে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।মির্জা আলমগীর বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে না, যারা চায় না বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক, তারাই তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তিনি বলেন, বতর্মান সরকার গত তিন বছরে দেশের অর্থনীতিসহ সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করেছে।ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ১২ মার্চের মহাসমাবেশ ঠেকাতে হঠাৎ করে সরকার মাঠে নেমে পড়েছে। বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার, নির্যাতন, হামলা-মামলা দিয়ে দমন করার চেষ্টা করছে। কিন্তু কোনো কিছুই মহাসমাবেশকে ঠেকিয়ে রাখতে পারবে না। বিএনপি মহাসমাবেশ সফল করার মাধ্যমে জনগণের ভাত ও ভোটের অধিকার রক্ষা করবে, ফিরিয়ে আনবে আগামী দিনের কান্ডারি তারেক রহমানকে।ড্যাবের সভাপতি এম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ প্রমুখ।