কোলের সন্তানকে বিক্রি, পরে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের পরপরই মেয়েকে মাত্র দুই হাজার টাকায় বিক্রি করে দেন মা-বাবা। পরে প্রতিবেশীদের চাপে ফেরত আনেন। কিন্তু এবার মেয়েটি পৃথিবী থেকেই বিদায় নিল।ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ায় এ ঘটনা ঘটেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মা-বাবা দুজনকেই আটক করেছে। মায়ের অভিযোগ, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মেয়েকে হত্যা করেছেন বাবা। আর বাবার অভিযোগ, মা-ই বাবলীকে শ্বাসরোধে হত্যা করেছেন। তবে পুলিশ বলছে, লাশের ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না, কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কোটচাঁদপুরের রুদ্রপুর গ্রামের নাজমা খাতুনের সঙ্গে চট্টগ্রাম শহরের জসিম উদ্দিনের বিয়ে হয়েছিল। সেই সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। কিন্তু নাজমা ওই সংসার ছেড়ে এসে রুদ্রপুর গ্রামের বাবলু বিশ্বাসকে বিয়ে করেন। বাবলুরও এটি দ্বিতীয় বিয়ে। তাঁর প্রথম সংসারে দুটি সন্তান রয়েছে। প্রথম স্ত্রীর চাপে তিনি নাজমাকে নিয়ে বাড়ি উঠতে পারেননি। পরে কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার একটি ভাড়াবাড়িতে নাজমাকে নিয়ে থাকতেন। তাঁদের একটি কন্যাসন্তান হয়। নাম বাবলী (আট মাস)। প্রতিবেশীদের ভাষ্যমতে, বাবলী জন্মগ্রহণের ২৫ দিনের মাথায় তাকে শহরের স্টেশন এলাকার শাহিনুর রহমান নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়। পরে এলাকাবাসীর চাপের মুখে ছয় দিন পর বাবলীকে ফেরত আনা হয়। কিন্তু মা-বাবা সব সময়ই মেয়েটিকে অবহেলা করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসাও হয়। শুক্রবার রাত ১০টার দিকে নাজমা হঠাৎ বলে ওঠেন, তাঁর মেয়ে কেমন যেন করছে। প্রতিবেশীরা এ কথা শুনে দ্রুত ছুটে যান। পরে তাঁরা শিশুটিকে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাজমা জানান, তাঁর মেয়ে অসুস্থ হয়ে মারা গেছে। কিন্তু প্রতিবেশীরা এ নিয়ে সন্দেহ পোষণ করেন। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মা-বাবা উভয়কে আটক করে।কোটচাঁদপুর থানায় নাজমা গতকাল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ঘটনার রাতে বাবলীর বাবা মেয়েকে কেক এনে দিয়েছিলেন। সেই কেকের সঙ্গে বিষ মেশানো ছিল। তা খেয়েই তার মেয়ের মৃত্যু হয়েছে। আর বাবলু দাবি করেন, তিনি নাজমাকে এরই মধ্যে তালাক দিয়েছেন। ওই বাড়িতে তিনি আর যান না। নাজমাই বাবলীকে শ্বাসরোধে হত্যা করেছেন।