কোষাধ্যক্ষকে পালানোর সুযোগ দিতে দেরিতে জিডি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কোষাধ্যক্ষ এখলাছ উদ্দিনের বিরুদ্ধে প্রায় সাত কোটি টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ মিলেছে। এর মধ্যে দুই কোটি টাকা তিনি ফেরত দিয়েছেন। তদন্তে আরও টাকা আত্মসাতের প্রমাণ মিললে তা-ও ফেরত দেবেন বলে অঙ্গীকার করেছিলেন। এর পরও তাঁর বিরুদ্ধে মামলা করা হয়নি। টাকা ফেরত দেওয়ার ছয় দিন পর একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অভিযোগ উঠেছে, এখলাছ উদ্দিনকে পালিয়ে যাওয়ার সুযোগ দিতেই কালক্ষেপণ করে জিডি করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি এখলাছ উদ্দিনের বিরুদ্ধে টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। এর চার দিন পর তিনি ৩ মার্চ পর্যন্ত ছুটি নেন। কর্তৃপক্ষ তাঁকে ১ মার্চ সাময়িক বরখাস্ত করে। তবে বরখাস্তের আদেশে তাঁকে প্রতিদিন কার্যালয়ে হাজিরা দেওয়া ও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়। ২ মার্চ তিনি কার্যালয়ে এসে আত্মসাৎ করা দুই কোটি টাকা ফেরত দেন। তাঁর কাছ থেকে আরও টাকা পাওয়া গেলে তা-ও ফেরত দেবেন বলে অঙ্গীকার করেন। বিধি অনুযায়ী ছুটি শেষ হওয়ার পরের দিন থেকে তাঁর নিয়মিত কার্যালয়ে উপস্থিত থাকার কথা। কিন্তু অসুস্থতার অজুহাতে এখলাছ উদ্দিন কার্যালয়ে অনুপস্থিত থাকেন। এর মধ্যে এখলাছ উদ্দিনের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ৮ মার্চ গভীর রাতে আরডিএর স্টেট অফিসার কামরুজ্জামান বাদী হয়ে এখলাছ উদ্দিনের বিরুদ্ধে নগরের শাহ মখদুম থানায় জিডি করেন। এতে বলা হয়, বিভিন্ন ব্যাংক বিবরণী থেকে পাওয়া তথ্যে এখলাছ উদ্দিনের বিরুদ্ধে কমবেশি সাত কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে।এদিকে গত সোমবার রাত আটটার পর রাজশাহীতে বিভিন্ন পত্রিকার কার্যালয়ে এখলাছ উদ্দিনের সন্ধান চেয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। এর নিচে আরডিএর একজন প্রশাসনিক কর্মকর্তার স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়, এখলাছ উদ্দিনের বিরুদ্ধে চেক জালিয়াতির মাধ্যমে আরডিএর বিভিন্ন ব্যাংক হিসাব থেকে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। এ কারণে ১ মার্চ তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে কারণ দর্শাতে বলা হয়। বরখাস্তের আদেশে তাঁকে প্রতিদিন কার্যালয়ে হাজিরা দেওয়া ও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি কর্মস্থলে উপস্থিত হচ্ছেন না এবং কোথায় আছেন, তা-ও জানা যাচ্ছে না। এ ব্যাপারে জিডি করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে এখলাছ উদ্দিনের নামে দেশের যেকোনো স্থানে নামে-বেনামে, তাঁর স্ত্রী, ছেলেমেয়ে বা স্বজনের নামে-বেনামে স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়, হস্তান্তরসহ সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়।আরডিএর একটি সূত্রে জানা গেছে, মামলা না করে এখলাছকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। কারণ, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে এ ঘটনায় জড়িত অন্যদের নাম বেরিয়ে আসতে পারে।এ ব্যাপারে জানতে চাইলে আরডিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহিম প্রথম আলোকে জানান, এখলাছ উদ্দিনের বিরুদ্ধে জিডি করা হয়েছে। তাঁরা পুলিশের মাধ্যমে জানতে পেরেছেন, এখলাছ উদ্দিন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। মামলা না করা প্রসঙ্গে তিনি বলেন, তদন্তে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় মামলা করা হয়নি। তাঁর বিরুদ্ধে বিভাগীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।