রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কোষাধ্যক্ষ এখলাছ উদ্দিনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে দুই কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্তে গতকাল মঙ্গলবার একটি কমিটি গঠন করা হয়েছে।বর্তমানে আরডিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম। তিনি গত মে মাস থেকে এই দায়িত্বে আছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ২০১০ সালে নগদান বহি কাটাকাটি করার অভিযোগে কোষাধ্যক্ষকে একবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তিনি আরও জানান, গত জানুয়ারির বিবরণীতে কোষাধ্যক্ষ প্রতিষ্ঠানের ব্যয় ৪৪ লাখ টাকা দেখিয়েছেন। এতে তাঁর সন্দেহ ঘনীভূত হয়। কারণ, এই ব্যয় ২১-২২ লাখ টাকার বেশি হওয়ার কথা নয়।আরডিএ সূত্রে জানা গেছে, কোষাধ্যক্ষ মো. এখলাছ উদ্দিন ১৯৭৭ সালে আরডিএতে নিম্নমান সহকারী (করণিক) হিসেবে যোগ দেন। তিনি পদোন্নতি পেয়ে ১৯৮২ সালে প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ হন। বর্তমানে তাঁর মূল বেতন নয় হাজার ৪৪৫ টাকা। এ বছরই তাঁর চাকরির মেয়াদ শেষ হচ্ছে। আরডিএর সব ব্যাংক লেনদেন এখলাছ উদ্দিনই করেন। আরডিএ বর্তমানে ডাচ্-বাংলা ব্যাংকের রাজশাহী শাখায় লেনদেন করে। এর আগে যমুনা ও রূপালী ব্যাংকে লেনদেন করত। জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি ডাচ্-বাংলা ব্যাংক থেকে আরডিএর অর্থ উপদেষ্টা আবদুর রব জোয়ারদারকে ফোন করে জানানো হয়, তাঁরা আরডিএর দুই লাখ দুই হাজার টাকার একটি চেক পেয়েছেন। কিন্তু দুই লাখ অঙ্কটি দুই হাজারের বামে পরে লেখা হয়েছে বলে তাঁদের সন্দেহ হচ্ছে। আবদুর রব বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানান। সঙ্গে সঙ্গে আরডিএর কয়েকজন কর্মকর্তা ব্যাংকে যান। কিন্তু ততক্ষণে কোষাধ্যক্ষ এখলাছ উদ্দিন ব্যাংক থেকে চেকটি ফেরত নিয়ে চলে আসেন। পরে তাঁকে (কোষাধ্যক্ষ) জিজ্ঞেস করা হলে তিনি বলেন, চেকটি তাঁর পকেট থেকে হারিয়ে গেছে। এই সূত্র ধরে আরডিএ কর্তৃপক্ষ কোষাধ্যক্ষের ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। এর মধ্যে গত ১৮, ১৯ ও ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটি ছিল। বিষয়টি বুঝতে পেরে এখলাছ উদ্দিন ২২ ফেব্রুয়ারি ছুটির দরখাস্ত দিয়ে ঢাকায় চলে যান। এরপর থেকে তিনি আর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফোন রিসিভ করছেন না।এ সময়ে আরডিএর অভ্যন্তরীণ নিরীক্ষার কাজ চলছিল। নিরীক্ষা প্রতিনিধিদল প্রতিষ্ঠানের ২০০৯ ও ২০১০ সালের হিসাব বিবরণী সরাসরি ব্যাংক থেকে সংগ্রহ করেছে। এর সঙ্গে কোষাধ্যক্ষের সরবরাহ করা ব্যাংক বিবরণী মিলিয়ে দেখা গেছে, কোষাধ্যক্ষ ওই দুই অর্থবছরে চেকে টাকার অঙ্ক পাল্টে দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। জানা যায়, কোষাধ্যক্ষ হিসাব বিবরণী নিয়ে এসে ঘষাঘষি করে ফ্লুইট মেরে চেয়ারম্যানের কাছে উপস্থাপন করেন। নিরীক্ষা দল ব্যাংকে খোঁজ নিয়ে জেনেছে, ১৫ হাজার টাকার চেকের বাম পাশে ১০ লাখ টাকা লিখে কোষাধ্যক্ষ ব্যাংক থেকে ১০ লাখ ১৫ হাজার টাকা উত্তোলন করেছেন। আরডিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহিম বলেন, ‘১৫ হাজারের পাশে ১০ লাখ টাকা লেখার সময় লাখ শব্দটি ওপরে উঠে গেছে। এ রকম একটি চেক ব্যাংক কীভাবে গ্রহণ করেছে, তাও তদন্তের দাবি রাখে।’ ডাচ্-বাংলা ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক এ বি এম মামুনুল কবির গতকাল প্রথম আলোকে বলেন, ‘বরাবরই আরডিএর চেক ওই রকম করে লিখে ব্যাংকে নিয়ে আসা হয়। তাই তাঁরা বিষয়টি বুঝতে পারেননি। এ ছাড়া প্রতি মাসে ব্যাংক থেকে আরডিএকে হিসাব বিবরণী দেওয়া হয়। কোনো ঘাপলা হয়ে থাকলে আরডিএতেই হয়েছে।’ ব্যাংকে কিছু হয়নি বলে তিনি দাবি করেন। এদিকে ঘটনা তদন্তে গতকাল আরডিএর অথরাইজড অফিসারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। এখলাছ উদ্দিনের মুঠোফোনে গতকাল কল করা হলে তাঁর ছেলে তারেক প্রথম আলোকে বলেন, বাবা অসুস্থ। তিনি কথা বলতে পারবেন না। অভিযোগের ব্যাপারে তারেক বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তাঁর বাবার দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। এ জন্যই তাঁর বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’