কোস্টগার্ড ও র্যাবের অভিযানে ১৩ জেলে ও দুটি ট্রলার উদ্ধার
বঙ্গোপসাগর-সংলগ্ন ১ নম্বর বয়া এবং ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে অপহূত ৩০ জেলে ও তিনটি মাছ ধরা ট্রলারের মধ্যে সোমবার দুপুরে ১৩ জেলে ও দুটি ট্রলার উদ্ধার করা হয়েছে। রোববার সকাল থেকে সাগর ও সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে কোস্টগার্ড ও র্যাব-৬ জেলে ও ট্রলার উদ্ধার এবং কিছু দেশীয় ধারালো অস্ত্র জব্দ করে। শরণখোলা মৎস্যজীবী সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, শুক্রবার ভোরে বঙ্গোপসাগর সংলগ্ন ফেয়ারওয়ে বয়া এবং ১ নম্বর বয়া এলাকায় জেলেরা মাছ ধরার সময় জলদস্যু শীষ্য ওরফে ভাই ভাই বাহিনীর ৪০-৫০ জন সদস্য চারটি ট্রলারে এসে বিভিন্ন দিক থেকে অর্ধশতাধিক ট্রলারের জেলেবহরে হামলা চালায় এবং তাদের মাছসহ মালামাল লুট করে নেয়। এ সময় জলদস্যুরা মুক্তিপণের জন্য তিনটি ট্রলারসহ ৩০ জন জেলেকে অপহরণ করে। অপহূত জেলেদের উদ্ধারে রোববার সকাল থেকে কোস্টগার্ড পশ্চিমাঞ্চল ও র্যাব-৬ সাগর ও সুন্দরবনে বিশেষ অভিযান শুরু করে। মংলার কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অধিনায়ক কমান্ডার সাইদুর রহমান বলেন, অভিযানে সুন্দরবনের কটকায় যৌথ বাহিনীর সঙ্গে জলদস্যু শীষ্য ওরফে ভাই ভাই বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। সোমবার দুপুরে সেখান থেকে অপহূত ১৩ জেলে, দুটি মাছ ধরার ট্রলার ও দস্যুদের ব্যবহূত কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।