কোস্টগার্ড-প্রধানের বাড়িতে মেয়রের সমর্থকদের হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোস্টগার্ড-প্রধানের বাড়ির ফটক খুলে হামলার চেষ্টা। আকুতি জানাচ্ছেন এক নারী। ছবি: রমেশ কুমার পার্থ।
কোস্টগার্ড-প্রধানের বাড়ির ফটক খুলে হামলার চেষ্টা। আকুতি জানাচ্ছেন এক নারী। ছবি: রমেশ কুমার পার্থ।

ময়মনসিংহের নান্দাইল পৌর শহরে আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ উপকূল প্রতিরক্ষা বাহিনীর (কোস্টগার্ড) মহাপরিচালক (ডিজি) রিয়ার অ্যাডমিরাল কাজী সারোয়ার হোসেনের বাসায় হামলার ঘটনা ঘটেছে। ওই বাসার বাসিন্দাদের অভিযোগ, নান্দাইল পৌরসভার মেয়র এ এফ এম আজিজুল ইসলামের নেতৃত্বে শতাধিক লোক বাড়ির প্রধান ফটক খুলে ভেতরে ঢুকে বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় তাঁরা হাত জোড় করে এসব বন্ধ করার আবেদন জানালেও কোনো কাজ হয়নি।
ওই বাসার বাসিন্দা কাজী রিতা জানান, সংঘর্ষের সময় পুলিশকে ফোন করা হলেও কেউ আসেনি। হামলার সময় ওই বাসায় অবস্থানরত কয়েকজন নারী ইটের আঘাতে আহত হন।|
এ ব্যাপারে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জাহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, ওই বাসা থেকে থানায় কেউ ফোন করেননি। ঘটনাটি সাংবাদিকদের মাধ্যমে জেনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বাড়ির বাসিন্দাদের বক্তব্য নেওয়া হয়েছে। অভিযোগ জানালে মামলা হবে।

হামলার ঘটনার পর নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল হামিদ মিয়া, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) খন্দকার জাকির হোসেন পুলিশ নিয়ে কোস্টগার্ড-প্রধানের বাসায় যান।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন পৌর মেয়র ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ এফ এম আজিজুল ইসলাম। মুঠোফোনে তিনি প্রথম আলো ডটকমকে বলেন,  ‘প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে এর দায় আমার ওপর চাপাতে চাইছে।’

প্রত্যক্ষদর্শীরা জানায়, এর আগে নান্দাইল পৌর শহরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।  বিএনপির এক পক্ষের কার্যালয় ও দলের নেতাদের ছবি ভাঙচুর করে অন্য পক্ষ। এ সময় পথচারী, আশপাশের দোকানের কর্মচারীসহ ১৫ জন আহত হন। কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়।

স্থানীয় সূত্র জানায়, নান্দাইল উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম চলছে দুই ভাগে বিভক্ত হয়ে। এক পক্ষে রয়েছেন সাবেক সাংসদ খুররম খান চৌধুরী, অন্য পক্ষে রয়েছেন বিএনপির সভাপতি (পূর্বাঞ্চল) এ এফ এম রফিকুল ইসলাম। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ১৮ দলের বিক্ষোভ করার জন্য আজ দুই পক্ষের নেতা-কর্মী ও সমর্থকেরা শহরের পৃথক স্থানে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এর পরই সংঘর্ষ ও ভাঙচুর শুরু হয়। সাবেক সাংসদ খুররম খান চৌধুরীর আত্মীয় হন কোস্টগার্ডের ডিজি কাজী সারোয়ার হোসেন।