কোস্টগার্ড প্রশিক্ষণ ঘাঁটির উদ্বোধন ১১ ডিসেম্বর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ ডিসেম্বর পটুয়াখালীতে আসছেন। তিনি পটুয়াখালীতে দেশের প্রথম কোস্টগার্ড প্রশিক্ষণ ঘাঁটি ‘সিজি বেইস অগ্রযাত্রা’র উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
সিজি বেইস অগ্রযাত্রায় প্রশিক্ষণের মাধ্যমে কোস্টগার্ডের পেশাগত দক্ষতা বাড়ানো হবে। এতে করে উপকূলীয় অঞ্চলে অপরাধ দমনে কোস্টগার্ড কার্যকর ভূমিকা রাখতে পারবে। প্রধানমন্ত্রী ১১ ডিসেম্বর বেলা ১১টায় ওই প্রশিক্ষণ ঘাঁটির উদ্বোধন করবেন বলে জানা গেছে।
সিজি বেইস অগ্রযাত্রার কার্যালয় থেকে জানা গেছে, সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় ৪৩ কোটি ৫৬ লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে এই আধুনিক প্রশিক্ষণ ঘাঁটি স্থাপন করা হয়েছে। এই ঘাঁটিতে ১৯টি ভবন ও সাতটি স্থাপনা রয়েছে। রয়েছে নাবিকদের বাসস্থান, প্যারেড গ্রাউন্ড, এমটি শেড এবং খেলাধুলার মাঠ। অগ্রযাত্রার প্রবেশমুখের বাঁ দিকে রয়েছে বিশাল দিঘি এবং দিঘির চারপাশে রয়েছে বিভিন্ন জাতের গাছ। যা এই ঘাঁটির সৌন্দর্য আরও বাড়িয়েছে।
গণপূর্ত বিভাগের পটুয়াখালী কার্যালয় থেকে জানা গেছে, ২০১০ সালের অক্টোবর মাসে ওই ঘাঁটি নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। জেলা শহর থেকে চার কিলোমিটার পশ্চিমে দুর্গাপুর এলাকায় ২৩ দশমিক ৬৮ একর জমির ওপর প্রশিক্ষণ ঘাঁটি নির্মাণে ব্যয় হয়েছে ৪৩ কোটি ৫৬ লাখ ২৮ হাজার টাকা। গত জুনে প্রকল্পের কাজ শেষ হয়েছে।
গতকাল রোববার সকালে গণপূর্ত বিভাগের বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল গনি জানান, এই ঘাঁটির অবকাঠামোগুলো পরিদর্শন করা হয়েছে। এটি এখন উদ্বোধনের জন্য প্রস্তুত।
কোস্টগার্ড প্রশিক্ষণ ঘাঁটির কর্মকর্তা কমান্ডার রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, এই ঘাঁটিতে প্রাথমিকভাবে কোস্টগার্ড সদস্যদের পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে। কোস্টগার্ডের দক্ষতা বাড়ালে উপকূলীয় অঞ্চলের জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে।