কোস্টগার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনের খুলনার মরাকাগা খালে গত শনিবার গভীর রাতে কোস্টগার্ড ও বনদস্যু আলিফ বাহিনীর সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। একপর্যায়ে দস্যুরা বনের গহিনে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ২০টি আগ্নেয়াস্ত্র ও ৩১০টি গুলি উদ্ধার করা হয়। এ সময় দুটি নৌকাসহ অপহূত এক জেলেকেও উদ্ধার করা হয়।
মংলা কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মহিউদ্দিন মজুমদার প্রথম আলোকে জানান, মুক্তিপণের দাবিতে বনদস্যু আলিফ বাহিনী পশ্চিম সুন্দরবনের কয়রার মরাকাগা খালে জেলেদের জিম্মি করেছে—এমন খবরের ভিত্তিতে এলাকায় শনিবার দিবাগত রাত একটার দিকে অভিযান শুরু করে কোস্টগার্ড। এ সময় দস্যুরা গুলি ছুড়লে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। এভাবে থেমে থেমে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত বন্দুকযুদ্ধ চলে। একপর্যায়ে দস্যুরা বনের গহিনে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে চারটি একনলা বন্দুক, ছয়টি লোকাল গান (এলজি), পাঁচটি পাইপগান, পাঁচটি ওয়ান শ্যুটারগান, রাইফেলের ৩১০টি গুলি এবং সাড়ে সাত কেজি হরিণের মাংস, দুটি নৌকা ও অন্য মালামালসহ অপহূত জেলে আসাদুল ইসলামকে (৩৫) উদ্ধার করা হয়। তিনি কয়রা উপজেলার গোলখালী গ্রামের আবদুস সাত্তারের ছেলে।