কোস্টগার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধ, সুন্দরবনে চার জেলে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বাটুলিয়া নদীর হাতভাঙ্গা ভারানী খালে গত শুক্রবার গভীর রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত কোস্টগার্ডের সঙ্গে বনদস্যু রেজাউল ওরফে শীর্ষ বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুই বনদস্যুকে আটক ও অপহূত চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

মংলা কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এম মহিউদ্দিন মজুমদার জানান, মুক্তিপণের দাবিতে অপহূত জেলেদের নিয়ে বনদস্যুরা ভারানী খালে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা শুক্রবার গভীর রাতে ওই এলাকায় অভিযান চালান। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি করলে কোস্টগার্ডও পাল্টা গুলি ছোড়ে। রাত দুইটা থেকে উভয় পক্ষের মধ্যে শুরু হওয়া বন্দুকযুদ্ধ গতকাল সকাল আটটা পর্যন্ত চলে।

ঘটনাস্থল থেকে বনদস্যু রবিউল ও মনিরকে আটক করা হয়। এ সময় দস্যুদের ব্যবহূত তিনটি একনলা বন্দুক, একটি শটগান, একটি পাইপগান, বন্দুকের সাতটি গুলি, এয়ারগানের ২০০টি গুলি, একটি নৌকা, চারটি ধারালো অস্ত্র জব্দ করা হয়। এ ছাড়া অপহূত জেলে সাহেব আলী, আ. রহমান, মফিজুল ইসলাম ও আমিরুল ইসলামকে উদ্ধার করা হয়। তাঁদের বাড়ি খুলনার কয়রা উপজেলার গোলখালী এলাকায়। উদ্ধার হওয়া অস্ত্র ও আটক বনদস্যুদের কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।