কোস্টগার্ডকে আরও যুগোপযোগী করে গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ কোস্টগার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন
ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বাংলাদেশ কোস্টগার্ডকে ভবিষ্যতে আরও নতুন নতুন দায়িত্ব পালনে সক্ষম—এমন একটি আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভবিষ্যতে আরও নতুন নতুন দায়িত্ব পালনে সক্ষম করে তুলতে আমরা কোস্টগার্ডকে একটি আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করছি।’

আজ মঙ্গলবার বাংলাদেশ কোস্টগার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি সংযুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কোস্টগার্ডের নিজস্ব জনবল নিয়োগ কার্যক্রম ও ফোর্স পুনর্গঠনের মাধ্যমে এ বাহিনীর সক্ষমতা অর্জনে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্লু ইকোনমি ও গভীর সমুদ্রে নিরাপত্তা প্রদানের জন্য এ বাহিনীর রূপকল্প-২০৩০ ও ২০৪১ অনুযায়ী জাহাজ, সরঞ্জামাদি ও জনবল আরও বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
দেশের জাহাজ নির্মাণশিল্পকে আরও বিকশিত করার জন্য তাঁর সরকারের দক্ষিণাঞ্চলে আরও একটি শিপইয়ার্ড নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও প্রধানমন্ত্রী ভাষণে উল্লেখ করেন।

সরকারপ্রধান বলেন, ‘নারায়ণগঞ্জ ড্রাইডক এবং চট্টগ্রাম ড্রাইডক, সেটাও আমরা নৌবাহিনীর হাতে সমর্পণ করেছি। ভবিষ্যতে দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি শিপইয়ার্ড নির্মাণের পরিকল্পনা আমাদের আছে। আশা করছি, আমরা তা করতে পারব। ইতিমধ্যে আমরা জায়গা পছন্দ করে রেখেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের পরামর্শে অলাভজনক উল্লেখ করে খুলনা শিপইয়ার্ডও বিএনপি সরকারের আমলে বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া হয়েছিল। কিন্তু আমরা সরকারে আসার পর এই শিপইয়ার্ড নৌবাহিনীর হাতে অর্পণ করি।’

শেখ হাসিনা আরও বলেন, ‘যেহেতু আমাদের নদীমাতৃক বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা রয়েছে, তাই আমরা পরমুখী হয়ে থাকব কেন? তা ছাড়া ঐতিহাসিক কাল থেকেই বাংলাদেশে জাহাজ নির্মাণশিল্প ও রপ্তানি–বাণিজ্য ছিল। তাই সেটাকে আমরা আবারও কার্যকর করি। যার ফলে আমরা শুধু বিদেশ থেকে কিনে না এনে নিজেরাও তৈরি করার সক্ষমতা অর্জন করেছি এবং ভবিষ্যতে আরও করব।’

গত বছর একই সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য নয়টি জাহাজ ও একটি ঘাঁটি কমিশনিং করার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এ নৌযানগুলো যুক্ত হওয়ায় সংস্থাটির জন্য একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে। এ ছাড়া, কোস্টগার্ডের গভীর সমুদ্রে টহল উপযোগী আরও ৪টি ওপিভি ও ৯টি প্রতিস্থাপক জাহাজ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কোস্টগার্ডকে আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে শিগগিরই এ বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে উন্নত প্রযুক্তির জাহাজ, হোভ্যারক্র্যাফট ও দ্রুতগতিসম্পন্ন বোট। এ ছাড়া গভীর সমুদ্রে বাংলাদেশ কোস্টগার্ডের যোগাযোগব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১–এর সঙ্গে ডিজিটাল সংযোগ স্থাপনেরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

আধুনিক প্রযুক্তিসম্পন্ন এসব জাহাজের সংযোজন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ কোস্টগার্ড অধিকতর সক্ষমতা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কোস্টগার্ডের চার সদস্যকে তাঁদের সাহসিকতা ও বিশেষ কৃতিত্বের জন্য পদক তুলে দেন।

পরে কোস্টগার্ডের কর্মকাণ্ড নিয়ে একটি তথ্যচিত্রও অনুষ্ঠানে প্রদর্শিত হয়।

প্রধানমন্ত্রী কোস্টগার্ডের সদস্যদের মনোজ্ঞ কুচকাওয়াজ দেখেন। তাঁকে এ সময় রাষ্ট্রীয় অভিবাদন জানানো হয়।