কোস্টগার্ডের চৌহদ্দি আর সামর্থ্য দুটিই বেড়েছে
‘আগে পাশের দেশ থেকে ট্রলার এসে মাছ ধরে নিয়ে যেত। সেটি এখন একেবারে শূন্যের কোঠায়। সবাই এ বার্তা ইতিমধ্যে পেয়েছে, বাংলাদেশের সমুদ্রসীমায় গেলে এতটুকু ছাড় পাওয়া যাবে না’, বলছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
গতকাল মঙ্গলবার তিনি সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলছিলেন কোস্টগার্ডের টহল জাহাজ সিজিএস তাজউদ্দীনের ডেকে দাঁড়িয়ে। কোস্টগার্ডের এই ফ্রিগেট থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণের মহড়া হয়। এই মহড়াকে সহায়তার লক্ষ্যে কোস্টগার্ডের আরও কয়েকটি গানশিপ নামানো হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই মহড়া প্রত্যক্ষ করছিলেন।
আগের দিনের সঙ্গে এখনকার এই তফাতের মূলে রয়েছে কোস্টগার্ড নামক এই বিশেষ বাহিনীর সামর্থ্য বৃদ্ধি। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি হয়ে যাওয়ার পর এখন দেশের সমুদ্রসীমা অনেক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে কোস্টগার্ডের টহলযান ও আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি। শুধু অবৈধ মাছ শিকারিদের হাত থেকে দেশের সমুদ্র সম্পদ রক্ষাই নয়, সেই সঙ্গে দস্যুতা, চোরাচালান ও মানব পাচার রোধেও তাদের ভূমিকা রাখতে হয়।
গতকাল মঙ্গলবার সারা দিন বঙ্গোপসাগরের পূর্বাঞ্চলে কোস্টগার্ডের কাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের ধারণা দেওয়া হয় এ বিশেষ বাহিনীর দৈনন্দিন কাজের ধরন সম্পর্কে।
কোস্টগার্ডের পূর্বাঞ্চলীয় জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহিদুল ইসলাম জানান, চার জাতীয় নেতার মধ্যে দুই নেতার নামে (সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দীন আহমদ) দুটি ফ্রিগেট যুক্ত হয়েছে বহরে। আগস্টে আরও বাকি দুই জাতীয় নেতা এ এইচ এম কামারুজ্জামান ও এম মনসুর আলীর নামে আরও দুটি ফ্রিগেট যুক্ত হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোস্টগার্ডকে শক্তিশালী করার জন্য সরকারের অব্যাহত বিনিয়োগ রয়েছে। এখানে কোস্টগার্ডের যে সম্ভাবনা ও প্রয়োজনীয়তা দেখা যায়, আসলে সেটি আরও বেশি।
কোস্টগার্ডের উপমহাপরিচালক কমোডর ইয়াহিয়া সাঈদ সাংবাদিকদের বলেন, বাহিনীর সক্ষমতা বাড়াতে নানা প্রক্রিয়া চলমান। এর মধ্যে যে ৩টি প্রকল্প অনুমোদন পেয়েছে তার মধ্যে ১১টি নতুন জাহাজ তৈরি করা হচ্ছে। টাগ বোট ও সেলভেজ জাহাজ তৈরি হচ্ছে। আগে শুধু উপকূল পর্যন্ত এ বাহিনীর আধিপত্য ছিল। এখন গভীর সমুদ্রের সম্পদ সুরক্ষার সক্ষমতা এসেছে।