কোস্টগার্ডের পিটুনিতে লঞ্চের পাঁচ কর্মচারী আহত
পুরান ঢাকার সদরঘাট টার্মিনালে কোস্টগার্ড সদস্যদের হাতে লঞ্চের অন্তত পাঁচ কর্মচারী আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। লঞ্চ টার্মিনাল ও পুলিশ সূত্র জানায়, গতকাল ইফতারের পর একদল কোস্টগার্ড সদস্য সদরঘাট লঞ্চ টার্মিনালে যান। তাঁরা পন্টুনে রাখা এমভি পারাবাত ও কালাম খানসহ চারটি লঞ্চের সিঁড়ি লঞ্চের ওপর তুলতে কর্মচারীদের নির্দেশ দেন। কিন্তু লঞ্চের কর্মচারীরা তা শোনেননি। এ নিয়ে কোস্টগার্ড সদস্যদের সঙ্গে কর্মচারীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কোস্টগার্ড সদস্যরা কর্মচারীদের পেটান। এতে কয়েকজন শ্রমিক আহত হন। এ নিয়ে লঞ্চের শ্রমিক ও কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোতোয়ালি থানার পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।লঞ্চের কর্মচারী ও শ্রমিকেরা হামলাকারী কোস্টগার্ডের বিচারের দাবি জানিয়ে বলেন, আজ রোববার বিকেল তিনটার মধ্যে সুষ্ঠু বিচার না হলে তাঁরা ধর্মঘটের ঘোষণা দেবেন। এ সময় পুলিশ ও র্যাব কর্মকর্তারা হামলাকারীদের বিচারের আশ্বাস দিলে কর্মচারীরা শান্ত হয়ে কাজে ফিরে যান। যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার অপারেশন কর্মকর্তা গাজী আতাউর রহমান বলেন, আজ বিকেল তিনটায় লঞ্চশ্রমিকদের সঙ্গে পুলিশ বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।