কোস্টগার্ডের বিরুদ্ধে ইউপি সদস্যকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞার মধ্যে উৎকোচ নিয়ে প্রায় ১৫০টি ট্রলারকে বঙ্গোপসাগরে ইলিশ ধরতে যেতে দেওয়ার ঘটনা ফাঁস করায় বরগুনার তালতলী উপজেলার সাবেক এক ইউপি সদস্যকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বরগুনা প্রেসক্লাবে গতকাল শনিবার সকালে এক সংবাদ সমেঞ্চলনে ওই ইউপি সদস্য কোস্টগার্ড সদস্যদের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তালতলীর সোনাকাটা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ট্রলার মালিক কবির আকন অভিযোগ করেন, ‘ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করার পর ১৩ অক্টোবর তালতলী উপজেলার সখিনা খালের মধ্যে ১৩০-১৪০টি ট্রলার নোঙর করে। পরে স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তি কোস্টগার্ড সদস্যদের নামে ট্রলারপ্রতি ১৪-১৫ হাজার টাকা করে চাঁদা তুলে ট্রলারগুলোকে সাগরে মাছ ধরতে যাওয়ার ব্যবস্থা করে দেন। বিষয়টি জানাজানি হলে কয়েকটি গণমাধ্যমে তিনি ঘটনাটি তুলে ধরে বক্তব্য দেন। এরপর বৃহস্পতিবার সকালে কোস্টগার্ডের সখিনা ক্যাম্পের কমান্ডার ফোন করে তাঁর কার্যালয়ে ডেকে নেন। স্থানীয় মৎস্য ব্যবসায়ী রিপন হাওলাদার ও শাহাজাহান মিয়াকে সঙ্গে নিয়ে কোস্টগার্ডের কার্যালয়ে গেলে ওই কর্মকর্তা সঙ্গে আসা দুজনকে চলে যেতে বলেন। তাঁরা চলে গেলে ওই কর্মকর্তা ও সদস্যরা আমাকে কার্যালয়ের ছাদে নিয়ে মুঠোফোনটি জব্দ করেন। এরপর তাঁরা গণমাধ্যমে বক্তব্য দেওয়ার বিষয়ে জানতে চান। এ সময় আমাকে জলদস্যু সর্দার বানিয়ে মামলায় আসামি করার হুমকি দেওয়া হয়। পরে তাঁরা আমার কাছ থেকে জোরপূর্বক একটি সাদা কাগজে স্বাক্ষর নেন।’

কবির আকন আরও বলেন, ‘কোস্টগার্ড সদস্যরা আমাকে নির্যাতন করছেন—এমন খবর জানতে পেরে স্থানীয়রা কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে কোস্টগার্ড সদস্যরা আমাকে ছেড়ে দেন। পরে আমি তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি মৌখিকভাবে জানাই।’

কোস্টগার্ডের ফকিরহাটের ক্যাম্পের কমান্ডার পেটি অফিসার শহিদুল ইসলাম অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে বলেন, ‘ওই দিন আমাদের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন। তিনি নিষেধাজ্ঞাকালীন যাতে কেউ মাছ ধরতে না পারে সে জন্য স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ জন্য কবির আকনকে ডেকে এনে কার্যক্রম সফল করতে সহযোগিতা চেয়েছিলাম। তবে ভয়ভীতি বা হুমকি দিয়ে কাগজে স্বাক্ষর রাখা হয়নি।’