কোস্টগার্ডের বিরুদ্ধে জেলেদের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে কোস্টগার্ডের বিরুদ্ধে মামলা করেছে বরিশাল জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি। কোস্টগার্ড ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক জেলে নিহত হওয়ায় ওই অভিযোগে এ মামলা করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে বরিশাল মহানগর হাকিম আদালতে নালিশি অভিযোগ করেন ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ। আদালত অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণ এবং তদন্তের জন্য কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।মামলার আরজিতে অভিযোগ করা হয়েছে, ৬ জুন কীর্তনখোলা নদীতে মাছ শিকাররত জেলেদের কাছে অর্থ দাবি করেন কোস্টগার্ড সদস্যরা। অর্থ না দেওয়ায় কোস্টগার্ড সদস্যরা জেলেদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। এ সময় গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে নিখোঁজ হন বরিশাল সদর উপজেলার লামছড়ি এলাকার জেলে জুয়েল ফরাজী। এ ছাড়া গুলি ও কোস্টগার্ড সদস্যদের মারধরে আহত হন আরও দুই জেলে। একপর্যায়ে আহত জেলেদের আটক করে কোস্টগার্ড। নিখোঁজ জেলে জুয়েল ফরাজীর লাশ ৭ জুন কীর্তনখোলা নদী থেকে উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় জেলেরা মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি।আরজিতে কোস্টগার্ডের বরিশাল কোতোয়ালি স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার তফিজউদ্দিন, এস কে কর, আরইএন-১ এ বি ফজলু, এমই-১ মো. আজিম এবং তাঁদের দুই সোর্স মো. রাজু, জসিমসহ অজ্ঞাত আরও দুজনকে দায়ী করা হয়েছে।কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, আদালতের নির্দেশ তিনি এখনো পাননি। তবে জেলেদের মামলা না নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, জেলেরা থানায় মামলা করতে আসেনি।