কোস্টগার্ডের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক আগারগাঁওয়ে সদর দপ্তর প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকা, ২৯ জুন।
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি–২০২১ উদ্বোধন করা হয়েছে। ‘মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্য সামনে রেখে আজ মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে সদর দপ্তর প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক। তিনি এ সময় একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃক্ষরোপণ অনুষ্ঠানে কোস্টগার্ডের বিভিন্ন দপ্তরের পরিচালক, মনোনীত সামরিক ও অসামরিক কর্মকর্তা-কর্মচারী ও নাবিক স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের সব জোন, বেইস, স্টেশন ও আউট পোস্টে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বস্তরের কোস্টগার্ড সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান।